অবৈধ সম্পদ অর্জন: ওসি প্রদীপের জামিন নামঞ্জুর, সম্পত্তি জব্দের নির্দেশ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রীর এজাহারভুক্ত সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত।
রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, আসামির পক্ষে আগের দিন জামিন আবেদন করা হয়েছিল। ওই আবেদনের শুনানি শেষে আজ আদালত তা নামঞ্জুর করেন। আমরা আসামির এজাহারভুক্ত সম্পত্তি ক্রোকের আবেদন করেছি, আদালত তা মঞ্জুর করেছেন, প্রসেস হয়ে গেছে। এখন সেই সম্পত্তি জব্দে আর কোনো বাধা নেই।
এই মামলার আরেক আসামি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি করণ পলাতক আছেন। রোববার আদালতে জামিন শুনানি হলেও আসামি প্রদীপ কুমার দাশকে আদালতে আনা হয়নি। তিনি কক্সবাজার কারাগারে আছেন বলে দুদকের আইনজীবী জানিয়েছেন।
এর আগে ১৪ সেপ্টেম্বর টেকনাফের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে চট্টগ্রামে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ২৩ আগস্ট প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন। সেই মামলায় ২৭ আগস্ট মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার দেখানোর আবেদন জমা দেয়া হয়। মামলায় প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে।
আরও পড়ুন
অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তার ওসি প্রদীপ
এবার স্ত্রীসহ ওসি প্রদীপের বিরুদ্ধে দুদকের মামলা
টাইমস/এইচইউ