কুমিল্লায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫৭ জন
ছবি: সংগৃহীত
০১:০৬ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৭ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছেন। তবে এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ১ আগে থেকে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কুমিল্লা জেলায় মোট ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৪ জন।
চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে মোট ১ হাজার ৬৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ১ হাজার ৫৬৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন রোগী। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে।
নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত এবং হাসপাতালে ভর্তির ঘটনা অব্যাহত থাকায় কুমিল্লায় ডেঙ্গুর পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য বিভাগ নিয়মিত নজরদারি বজায় রেখেছে এবং আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা ও সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এসএন