© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিয়াল মাদ্রিদের পর শতকোটিপতির ঘরে বার্সেলোনা

শেয়ার করুন:
রিয়াল মাদ্রিদের পর শতকোটিপতির ঘরে বার্সেলোনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৯ পিএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বার্সেলোনা বাইরেও আর্থিকভাবে লাভ করে চলেছে। গত মৌসুমে তাদের রাজস্ব ১ বিলিয়ন ইউরো অতিক্রম করেছে। এর ফলে এল ক্লাসিকো প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পর ইউরোপের দ্বিতীয় ক্লাব হিসেবে তারা এক বিলিয়ন ইউরোর মাইলফলক স্পর্শ করল।

২০২৫-২৬ মৌসুমের আর্থিক হিসাব অনুযায়ী বার্সার আয় ক্লাবের ইতিহাসে রেকর্ড ১.০৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। আগের অর্থ বছরের চেয়ে ৬৬ মিলিয়ন ইউরো বেশি। তবে রাজস্ব বাড়লেও স্প্যানিশ চ্যাম্পিয়ন ক্লাবটি জানিয়েছে, পুরো মৌসুমে তারা ১৮ মিলিয়ন ইউরোর নিট ক্ষতির সম্মুখীন হয়েছে।

ডেলয়েট ফুটবল মানি লিগ এটি অনুমোদন করলে, রিয়াল মাদ্রিদের পর বার্সা ১ বিলিয়ন ইউরো পার করা দ্বিতীয় দল হবে, যা স্পেনের শীর্ষ দুই ক্লাবের শক্তিমত্তাকেই তুলে ধরে।



কনসাল্টিং ফার্ম ডেলয়েটের প্রকাশিত হিসাব অনুসারে, ২০২৩-২৪ মৌসুমে ১.০৪ বিলিয়ন ইউরো আয় করে বার্ষিক রাজস্বে ১ বিলিয়ন ইউরো অতিক্রম করা প্রথম ক্লাব হয়েছিল রিয়াল মাদ্রিদ। ২০২৪-২৫ মৌসুমে এই সংখ্যাকে আরও বাড়িয়ে ১.১৬ বিলিয়ন ইউরো রাজস্ব অর্জন করে তারা। তাতে শীর্ষ পাঁচের তালিকায় সবার ওপরে অবস্থান করেছিল রিয়াল। এই তালিকায় আরও ছিল বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট জার্মেই ও লিভারপুল।

বার্সা পূর্বাভাস দিয়েছে যে এই মৌসুমেও তাদের রাজস্ব বৃদ্ধি অব্যাহত থাকবে। অবশেষে ক্ষতি কাটিয়ে খুব অল্প পরিমাণ হলেও লাভের মুখ দেখা যাবে।

এমআর/টিএ 

মন্তব্য করুন