নিজেদের ড্রোনের আঘাতে প্রাণ গেল ইসরায়েলি ২ সেনার
ছবি: সংগৃহীত
০৬:৫১ পিএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নিজেদের ড্রোনের বিস্ফোরণে ইসরায়েলের অন্তত দুই সৈন্যের প্রাণহানি ঘটেছে। শুক্রবার ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে ওই দুই সৈন্যের প্রাণহানির তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর এক সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, ‘‘নিজেদের একটি ড্রোনের বিস্ফোরণে ইসরায়েলের দুই রিজার্ভ সৈন্য নিহত হয়েছেন।’’
সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, “ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একটি ড্রোন গাজা উপত্যকার এক সামরিক চৌকিতে বিধ্বস্ত হয়। তবে তখন সেটি বিস্ফোরিত হয়নি। পরবর্তীতে সৈন্যরা ড্রোনটির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটিতে বিস্ফোরণ ঘটে।
গাজা উপত্যকায় নিজের ড্রোন বিস্ফোরণের সৈন্যদের প্রাণহানির এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
নিহত সৈন্যরা হলেন, ইসরায়েলের সামরিক বাহিনীর ১৬তম ব্রিগেডের ৭০০৭তম ব্যাটালিয়নের ২৪ বছর বয়সী নাদাব কালি এবং ২৩ বছর বয়সী ওফেক মোয়ালেম।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। হামাসের ওই হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা বেড়ে ৯৭০ জনে দাঁড়িয়েছে।
নিহত ৯৭০ সৈন্যের মধ্যে সাতজন মারা গেছেন গত বছর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি এই যুদ্ধে প্রায় উপত্যকায় প্রায় ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে জাতিসংঘ।
সূত্র: এএফপি
এমআর/টিএ