সিইসি জ্ঞানেশ পদত্যাগ না করলে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির
ছবি: সংগৃহীত
০৭:৪৭ পিএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর (গান্ধী জয়ন্তী) থেকে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিস (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় দীপকে জানান, প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে মুম্বাই থেকে এই দেশব্যাপী আন্দোলন শুরু হবে এবং পরবর্তীতে তা ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়া হবে। এর আগে তিনি এই দাবি আদায়ে যন্তর মন্তর ২.০' আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন।
নির্বাচন ব্যবস্থার সমালোচনা করার পাশাপাশি বিরোধী দলগুলোর ভূমিকারও কড়া সমালোচনা করেন দীপকে। তিনি বলেন, নির্বাচনে কারচুপির অভিযোগ তোলার পরও বিরোধীরা নির্বাচনে অংশ নিয়ে মূলত এই প্রক্রিয়াকেই বৈধতা দিচ্ছে এবং ভোট যে অবাধ ও সুষ্ঠু হচ্ছে এমন একটি ভুল বার্তা তৈরিতে সহায়তা করছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটে এই পদত্যাগের দাবি তোলা হয়। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ভোটার তালিকায় নাম সংযোজন, বিয়োজন ও প্রক্রিয়াগত পরিবর্তন সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্তে অন্য দুই নির্বাচন কমিশনার আপত্তি জানিয়েছিলেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতভাবেই গৃহীত হয়েছে।
এমআই/টিএ