© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ বন্ধ, এবার সড়কপথে জ্বালানি পরিবহনের নতুন করিডোর চালু

শেয়ার করুন:
হরমুজ বন্ধ, এবার সড়কপথে জ্বালানি পরিবহনের নতুন করিডোর চালু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৫ পিএম | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ইরাক থেকে সিরিয়া হয়ে সড়কপথে পেট্রল পরিবহনের নতুন দ্বিমুখী জ্বালানি করিডোর চালু হয়েছে। প্রথম চালানে প্রায় ৩২ হাজার ৮০০ টন পেট্রল বানিয়াস বন্দরে খালাসের পর ৭৭টি ট্যাংকারে করে ইরাক সীমান্তে পাঠানো হয়েছে। ভবিষ্যতে এই পথে অপরিশোধিত তেলসহ অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্য ও পণ্যসামগ্রী পরিবহন বাড়ানো হতে পারে। খবর আল জাজিরার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমটি জানায়, ইরাক থেকে সিরিয়ায় সড়কপথে পেট্রল পরিবহন শুরু হয়েছে। এর মধ্য দিয়ে একটি দ্বিমুখী জ্বালানি করিডোর চালু হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পর বাগদাদ জ্বালানি রপ্তানিতে যে পথ ব্যবহার করে আসছিল, সেই পথেই এখন দুই দিকেই জ্বালানি পরিবহন হচ্ছে।

রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানির রিফাইনিং ডিরেক্টরেটের পরিচালক তারেক শাল্লাশ। তিনি জানান, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাংকার অ্যাভান্তিতে করে আসা প্রায় ৩২ হাজার ৮০০ টন জ্বালানির প্রথম চালান সিরিয়ার বানিয়াস শোধনাগারে খালাস করা হয়। এরপর চলতি সপ্তাহে তা ট্রাকে তোলা হয়।

শাল্লাশ জানান, ইতোমধ্যে ৭৭টি ট্যাংকার ট্রাক বানিয়াস থেকে ইরাক সীমান্তের উদ্দেশে ছেড়ে গেছে এবং ট্রাকে জ্বালানি তোলা অব্যাহত রয়েছে। আরও চালান আসার কথা রয়েছে বলেও জানান তিনি।

ইরাকের তেল মন্ত্রণালয়ের মুখপাত্র সালিম আল-রিকাবি রয়টার্সকে বলেন, ‘এসওএমও এবং কাতারের একটি কোম্পানির মধ্যে একটি চুক্তি হয়েছে। এর আওতায় বানিয়াস বন্দর দিয়ে সড়কপথে ট্যাংকারে করে ইরাকে উন্নতমানের পেট্রল সরবরাহ করা হবে।’

পেট্রলটি সিরিয়ায় উৎপাদিত হয়নি এবং সিরিয়ার বাজারের জন্য সংরক্ষিত মজুত থেকেও নেয়া হয়নি। সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানি ও কাতারের ইউসিসি হোল্ডিংয়ের মধ্যে ট্রানজিট চুক্তির আওতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। শাল্লাশ জানান, ইউসিসি হোল্ডিং জ্বালানি সরবরাহ করছে এবং পরিবহন ব্যবস্থাপনাও তদারক করছে।

এর আগে এই পথ দিয়ে ইরাক থেকে জ্বালানি তেল সিরিয়ার বন্দরে নেয়া হতো এবং পরে সমুদ্রপথে তা পরিবহন করা হতো। শাল্লাশ জানান, ভবিষ্যতে চুক্তির আওতায় এই করিডোর দিয়ে অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্য, অপরিশোধিত তেল বা অন্যান্য পণ্য পরিবহনও সম্প্রসারিত হতে পারে।

এমআই/টিএ


মন্তব্য করুন