অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি বাবার
ছবি: সংগৃহীত
০৪:০১ পিএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার করা হচ্ছে বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ থানায় তার বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার জিডি করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।
পুলিশ জানায়, বিভিন্ন নম্বর থেকে অপ্রতিমের পরিবারকে হুমকি দেওয়ার বিষয়টি সঠিক নয়। এ বিষয়ে কোনো জিডি করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেক আইডি খুলে অপ্রতিম ও তার পরিবারকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে বলে তার বাবা জিডি করেছেন।
এ বিষয়ে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, গতকাল একটি নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল। পরে সেই নম্বরটি ব্লক করে দেওয়া হয়েছে। অপপ্রচারের বিষয়ে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, এর আগে, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে আইফোন নিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি গন্ধমতী এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে। ওই দিনই তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অদূরে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন তার বাবা।
পুলিশ জানায়, অপ্রতিমের কাছে থাকা মায়ের আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে মুঠোফোনটি ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে বাঁশের লাঠি দিয়ে একে একে তার মাথায় আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপ্রতিম হত্যা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে। সে কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এসএন