সিডরের ক্ষত পেরিয়ে ‘কপ-৩১’ এর বিশ্বমঞ্চে বরগুনার মুন্না
ছবি: সংগৃহীত
০২:২৯ পিএম | ১১ নভেম্বর, ২০২৬
২০০৭ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর কেড়ে নিয়েছিল স্বাভাবিক স্বস্তি, রেখে গিয়েছিল স্বজন হারানোর বেদনা আর অনিশ্চয়তার দীর্ঘশ্বাস। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা বরগুনার বেতাগীর এক শিশু আজ সাত বছরের তরুণ নেতৃত্বের পথপরিক্রমা পেরিয়ে পা রাখছেন বিশ্বমঞ্চে। বলছি তরুণ জলবায়ু সংগঠক মো. খায়রুল ইসলাম মুন্নার কথা।
তুরস্কে অনুষ্ঠিত হওয়া জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP31-এ বাংলাদেশের উপকূলীয় মানুষের সংকট ও দাবিগুলো তুলে ধরতে এখন পুরোপুরি প্রস্তুত তিনি।
বরগুনার হোসনাবাদ ইউনিয়নে জন্ম নেওয়া মুন্নার জীবন গড়া হয়েছে উপকূলের নিষ্ঠুর বাস্তবতার সঙ্গে লড়ে। সিডরের তাণ্ডব কেবল তাঁর পরিবারকেই ক্ষতিগ্রস্ত করেনি, বরং তাঁর অবুঝ মনে গেঁথে দিয়েছিল এক গভীর প্রশ্ন—বারবার কেন এই উপকূলের মানুষই সর্বনাশা প্রাকৃতিক দুর্যোগের বলি হবে? জীবন, জীবিকা, নিরাপদ পানি ও আশ্রয়ের এই স্থায়ী অনিশ্চয়তাই তাঁকে ধীরে ধীরে টেনে আনে পরিবেশ ও জলবায়ু আন্দোলনের মাঠে।
ব্যক্তিগত উদ্যোগ থেকে শুরু করে দীর্ঘমেয়াদি পরিবর্তনের লক্ষ্যে মুন্না প্রতিষ্ঠা করেন যুব সংগঠন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি (GPYDS)। বর্তমানে এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হিসেবে তিনি বরগুনা ছাড়িয়ে বরিশাল বিভাগ ও রাজধানী ঢাকাজুড়ে তরুণদের সংগঠিত করছেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলা থেকে শুরু করে কিশোরী ও নারীদের অধিকার রক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধের মতো সামাজিক কার্যক্রমে যুক্ত রয়েছে সংগঠনটির এক হাজারের বেশি তরুণ স্বেচ্ছাসেবক।
তৃণমূল থেকে শুরু করা মুন্না আজ জাতীয় জলবায়ু নেতৃত্বের এক পরিচিত মুখ। সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়নের এই শিক্ষার্থী বর্তমানে LCOY Bangladesh-এ যোগাযোগ ও গণমাধ্যমবিষয়ক নেতৃত্ব, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VFB)-এর বরিশাল বিভাগীয় সভাপতি এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইয়ুথ অ্যাডভাইজরি প্যানেল সদস্য ও কান্ট্রি ম্যানেজমেন্ট টিমের যুব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাঠপর্যায়ের অভিজ্ঞতা আর প্রাতিষ্ঠানিক দক্ষতার মেলবন্ধনেই তিনি এবার বিশ্বমঞ্চে নিজের অবস্থান পোক্ত করতে চলেছেন।
ইতিমধ্যেই সম্মেলনের অফিসিয়াল ব্যাজ ও ভিসা হাতে পেয়ে বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন। ৮ নভেম্বর থেকে শুরু হয়েছে তার মূল কর্মপরিকল্পনা। এই বিশ্বমঞ্চে তাঁর বিশেষ মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবে জলবায়ু অভিযোজন ও স্থানীয় বাস্তবতা, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উপকূলীয় মানুষের জন্য কার্যকর আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করা। পাশাপাশি বৈশ্বিক নীতিনির্ধারকদের সামনে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ উপকূলের সঠিক চিত্র তুলে ধরতে চান তিনি।
মুন্নার কাছে COP31-এ অংশগ্রহণ কেবল একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়া নয়; এটি উপকূলের লাখো মানুষের না বলা কথা ও বেঁচে থাকার লড়াইকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক সুযোগ। বরগুনার মাটি থেকে শুরু হওয়া এই তরুণের স্বপ্ন আজ কেবল নিজের নয়, গোটা উপকূলের সুরক্ষার প্রতীক হয়ে উঠেছে।
কেএন/