বরিশালে চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো মেয়ে
ছবি: সংগৃহীত
০৮:৪৯ পিএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
চুরির অভিযোগে বাজারের খুঁটির সঙ্গে বাঁধা বাবা। চারপাশে উৎসুক মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে ছুটে আসে ছোট্ট মেয়েটি। সারারাত না খেয়ে থাকা বাবার জন্য কিনে আনে চা ও রুটি। এরপর নিজের হাতেই বাবাকে খাইয়ে দেয় সে। বাবা-মেয়ের এমন হৃদয়ছোঁয়া দৃশ্য আবেগাপ্লুত করে উপস্থিত অনেককেই। পরে মুহূর্তটির ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে এ ঘটনা ঘটে।
এর আগে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে একটি দোকানে চুরির চেষ্টা করার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
খবর পেয়ে শনিবার সকালে বাবাকে দেখতে ঘটনাস্থলে ছুটে আসে মেয়েটি। বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে বাজারের একটি দোকান থেকে রুটি ও চা কিনে আনে সে। এরপর সারারাত না খেয়ে থাকা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দেয়।
ঘটনাটি দেখে স্থানীয় এক যুবক মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা ছড়িয়ে পড়ে। ভিডিওতে মেয়েটিকে বাবার মুখে খাবার তুলে দিতে দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন।
এ ব্যাপারে উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক বলেন, চুরির অভিযোগে একজনকে আটকের খবর পাওয়ার পর ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন।
এমআর/এসএন