গুলিস্তানে ড্রেনে লুকিয়েও শেষরক্ষা হলো না কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার
ছবি: সংগৃহীত
১২:৫২ এএম | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে গোপন বৈঠক চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় পুলিশের হাত থেকে বাঁচতে এক নেতা পাশের ড্রেনে লুকিয়ে পড়লেও শেষ রক্ষা হয়নি। পরে পুলিশ তাকে ড্রেন থেকে তুলে প্রিজন ভ্যানে করে নিয়ে যায়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) ও মুখপাত্র মো. আকতার হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাসদের কার্যালয়ে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে বৈঠক করছিলেন। খবর পেয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা কার্যালয়টি ঘিরে ফেলেন।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ। বিকেল ৪টার দিকে কার্যালয় থেকে একে একে বেশ কয়েকজনকে হাতকড়া পরিয়ে বের করে আনা হয়। পরে তাদের প্রিজন ভ্যানে করে পল্টন থানায় নেওয়া হয়।
অভিযানের সময় এক আওয়ামী লীগ নেতা পালানোর চেষ্টা করে পাশের একটি ড্রেনে লুকিয়ে পড়েন। পরে পুলিশ সদস্যরা তাকে ড্রেন থেকে টেনে বের করে প্রিজন ভ্যানে তুলে দেন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পল্টন থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমআই/টিএ