হাসান-খালেদের অভিযান সফল, কাউন্টির প্রথম বিভাগে ফিরল কেন্ট
ছবি: সংগৃহীত
০৯:০১ এএম | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
প্রথমে হাসান মাহমুদ, এরপর তার পথ ধরে কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবে গিয়ে পেস আগুন ঝরিয়েছেন খালেদ আহমেদ। বাংলাদেশি দুই গতিতারকার নৈপুণ্যে দলটি দুই বছর পর কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে উঠেছে। হারলেও সুযোগ থাকবে, তবে জিতলে কোনো সমীকরণ ছাড়াই দ্বিতীয় বিভাগ থেকে উঠবে– এমন সমীকরণ নিয়ে নেমে কেন্ট গ্লস্টারশায়ারকে ৮ উইকেটে হারিয়েছে।
ম্যাচ ড্র হলে বা হারলেও দ্বিতীয় বিভাগ থেকে উন্নতির সুযোগ পেত কেন্ট, তবে তখন তাদের অন্য দলের পারফরম্যান্সের ওপর নির্ভর করতে হবে। ব্যাট-বল উভয় বিভাগেই ক্রিকেটাররা জ্বলে ওঠায় আর তেমন সমীকরণ মেলাতে হয়নি। যেখানে দুই ইনিংস মিলিয়ে খালেদ ৫ উইকেট শিকার করেছেন। এর আগে ওভারলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে তাকে রেখে দেশে ফিরে আসেন হাসান।
কেন্টের হয়ে কাউন্টির চলতি মৌসুমে অভিষেক হওয়ার পর ৩ ম্যাচে ১৬ উইকেট নিলেন খালেদ। তার আগে ৪ ম্যাচে শিকারে করেছিলেন ২৬ উইকেট। ১৪ ম্যাচ শেষে কাউন্টির দ্বিতীয় স্তরের টেবিলে ২১১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কেন্ট। তাদের সঙ্গে প্রথম বিভাগে ওঠা ডারহামের পয়েন্ট ২৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তবে তারা এখনও শেষ ম্যাচ খেলছে।
গত মৌসুমে কাউন্টির দ্বিতীয় বিভাগের তলনিতে থেকে লাল বলের এই প্রতিযোগিতা শেষ করেছিল কেন্ট। এবার তারা কাউন্টির শীর্ষ স্তরে জায়গা করে নেওয়া এক অসাধারণ ঘুরে দাঁড়ানোর গল্প লিখল। তবে আজ (শনিবার) স্থানীয় সময় অনুযায়ী দিনের শুরুতে তৃতীয় স্থানে থাকা নর্দাম্পটনশায়ার মিডলসেক্সের কাছে হেরে যাওয়ায় কেন্টের প্রথম বিভাগের টিকিট আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ১৪ ম্যাচে নর্দাম্পটনশায়ারের পয়েন্ট ১৯১।
ক্যান্টারবারিতে অনুষ্ঠিত নিজেদের শেষ ম্যাচে কেন্ট শুরু থেকেই দাপট দেখিয়েছে। প্রথম ইনিংসে ম্যাট মিলনেসের ৪ এবং খালেদের ৩ শিকারের পর প্রতিপক্ষ গ্লস্টারশায়ার ২২৯ রানে গুটিয়ে যায়। এরপর বেন কম্পটনের সেঞ্চুরিতে নিজেদের ইনিংসে ৩৫৩ রান তুলে কেন্ট ১২৪ রানের লিড নেয়। নিজেদের দ্বিতীয় ইনিংসে গ্লস্টার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও সেই সুযোগ দেয়নি কেন্টের বোলাররা।
কেন্টের আগের ইনিংসে ৪ উইকেট নেওয়া মিলনেস এবার নিলেন ৫ উইকেট এবং খালেদের শিকার দুটি। ফলে গ্লস্টারের দ্বিতীয় ইনিংস থামে ২৪১ রানে। আগেই ১২৪ রানের লিড থাকায় কেন্টের সামনে লক্ষ্যটা হয় ১১৮ রান। যা জ্যাক ক্রাউলির ৪৪ ও স্যাম নর্থইস্টের ৪৯ রানে ভর করে ৮ উইকেট হাতে রেখেই পেরিয়েছে কেন্ট।
এফআর/টিএ