অনিয়ম নিয়ে প্রশ্ন, মেজাজ হারিয়ে ভিডিও করতে থাকা যুবককে চড় মারলেন মন্ত্রী
ছবি: সংগৃহীত
০৬:৪৬ পিএম | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাস্তা পরিদর্শনে গিয়েছেন গণপূর্ত বিভাগের মন্ত্রী। এ সময় সেখানে এক যুবক পরিদর্শনের ভিডিও করতে থাকেন। কিন্তু ভিডিও করাই যেন কাল হয়ে যায় ওই যুবকের। তার ফোন বাম হাত দিয়ে টেনে নিয়ে ডান দিয়ে তার মুখে সজোরে একটি চড় মারেন মন্ত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে। এ ঘটনার ভিডিও এরইমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
রোববার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ভিডিওতে দেখা যাচ্ছে―পশ্চিম দিল্লির তিলক নগরে গণপূর্ত বিভাগের মন্ত্রী প্রবেশ ভার্মার রাস্তা পরিদর্শনের সময় এক যুবক হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে ভিডিও করছিলেন। তখন ফোনটি টেনে নিয়ে তাকে চড় মারেন মন্ত্রী।
তবে এখানেই ঘটনার শেষ নয়। ভুক্তভোগী যুবক চড় খাওয়ার পর মন্ত্রীর দিকে তেড়ে যান। কিন্তু এই অল্প সময়ের মধ্যে একটি ছোট ভিড়ে তাদের মধ্যে এক নিরাপত্তারক্ষী এসে দাঁড়ায়। ভিডিওতে এক ব্যক্তির কণ্ঠ শোনা যায়, ‘এই যে, মারছো কেন?’
এ সময় অন্য ব্যক্তি বলেন, ‘আরে ভাই, চড় মেরে দিয়েছে। সত্যিই চড় মেরেছে। এই যে দেখুন, ভিডিও তৈরির সময় চড় মেরে দিলো।’ তখন ওই ভিড় থেকে অন্য আরেকজন বলেন, ‘সাধারণ মানুষের গায়ে কেউ হাত তুলতে পারে না।’
এ সময় পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মতো। কিন্তু সেই পরিবেশ হওয়ার আগেই দিল্লি সরকারের মন্ত্রী এবং আম আদমি পার্টির (আপ) তিলক নগরের বিধায়ক জার্নেইল সিং রাস্তার নির্মাণকাজের মান নিয়ে একে অপরকে দোষারোপ ও কটাক্ষ করতে থাকে।
জানা গেছে, রাস্তা পরিদর্শনের সময় বিধায়ক জার্নেইল বলেন, ‘এই দেখুন মন্ত্রী, আপনি আমাদের জিজ্ঞাসা করুন, এতে মনে কষ্ট পাওয়ার কিছু নেই। বিজেপির সরকারের অধীনে এই কাজ হচ্ছে। আর আপনি আমাদের ভিডিও ডিলিট করাচ্ছেন।’ঠিক তখন ভিডিওতে কাউকে বলতে শোনা যায়, ‘রেগে যাওয়া ফুফা শ্বশুরের মতো আচরণ করে আসছেন।’
এছাড়াও বিধায়ক মন্ত্রীকে প্রশ্ন করেন, ‘আপনি যে রাস্তার কথা বলেছিলেন, তা উপড়ে দেখিয়ে দিলাম। এবার বলুন?’ তখন তার কাঁধে হাত রেখে মন্ত্রী বলেন, ‘ভুলভাল কথা বলবেন না।’ তারপর বিধায়ক পাল্টা প্রশ্ন করেন, ‘কী ভুল বললাম?’
মন্ত্রী বলেন, ‘একেবারে ভুল বলেছেন। আপনারা ১৫ বছরে রাস্তা বানাননি। এখন আমরা বানাচ্ছি।’ তখন বিধায়ক অনড় থেকে বলেন, ‘এমনভাবে তো বানাবেন না। এটা তো ১৫ ঘণ্টাও টিকবে না।’
এমন সময় মন্ত্রী পেছন ফিরে সেখান থেকে চলে যাওয়া শুরু করেন। হাতে রাস্তার ভাঙা টুকরো নিয়ে বিধায়ক আবারও মন্ত্রীর দিকে এগিয়ে যান। তখন বিধায়কের ব্যক্তিগত সহকারী সাহেব সিং নামে এক ব্যক্তি সামনে থেকে পুরো ঘটনা ভিডিও করছিলেন। তারা হাঁটা শুরু করলে মন্ত্রী হঠাৎ রেগে যান এবং ভিডিও করতে থাকা যুবককে চড় মারেন। আর এ ঘটনার ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিধায়ক জার্নেইল।
এ বিধায়ক বলেন, ‘তিনি ভারতের রাজধানী দিল্লির বিজেপি সরকারের গণপূর্ত মন্ত্রী। রাস্তা পরিদর্শন করতে এসেছিলেন। কিন্তু একের পর এক দুর্নীতির খবর ফাঁস হতে দেখে মেজাজ হারিয়ে ফেলেন এবং ভিডিও করতে থাকা আমার সহকর্মীর ওপর গুন্ডামি শুরু করেন।’
এদিকে জার্নেইলের পোস্ট করা ভিডিওটি শেয়ার করে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ওই গণপূর্ত মন্ত্রীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
অন্যদিকে ভুক্তভোগী যুবক ও বিধায়কের সহকারী জানিয়েছেন, তিনি মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিধায়ক জার্নেইল ও প্রবেশ ভার্মার মধ্যবর্তী আলাপচারিতার সময় কীভাবে লাইভ-স্ট্রিম করতে গিয়ে চড় খেয়েছেন, তার বিবরণ জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি
আরআই/টিএ