© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুতিন ট্রাম্পের বন্ধু হলেও আমাদের কাছে সে একজন হত্যাকারী: জেলেনস্কি

শেয়ার করুন:
পুতিন ট্রাম্পের বন্ধু হলেও আমাদের কাছে সে একজন হত্যাকারী: জেলেনস্কি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৭ পিএম | ২১ নভেম্বর, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের বন্ধু বলে ডাকার পর পুতিনকে খুনি বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, পুতিনকে কী নামে ডাকবেন তা মার্কিন প্রেসিডেন্টের নিজস্ব বিষয়, তবে আমাদের কাছে তিনি একজন শত্রু, আমাদের কাছে তিনি একজন খুনি।

গত বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের সাথে এক বড় ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প পুতিনকে তার বন্ধু বলে উল্লেখ করেন। তিনি বলেন, তাদের দুজনের মধ্যে বহু বছর ধরে চমৎকার সম্পর্ক রয়েছে।

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা চলছেই। দেশটির মধ্যাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহ-তে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক শিশুসহ দুজন নিহত এবং ৫২ জন আহত হয়েছেন। এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে ১১ জন এবং উত্তর-পশ্চিমাঞ্চলের রিভনে অঞ্চলে একজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা সংস্থা ডিএসএনএস।

এর আগে শুক্রবার রাজধানী কিয়েভের সেতু এবং পশ্চিম ইউক্রেনের রেলস্টেশনগুলোতে রুশ হামলায় অন্তত নয়জন নিহত হন। ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ মোট ১১০টি ক্ষেপণাস্ত্র এবং চার শতাধিক ড্রোন দিয়ে চালানো এই হামলাকে জেলেনস্কি চলতি বছরের সবচেয়ে বড় হামলা বলেছেন। ইউক্রেন ক্রিমিয়া সেতুর বড় ধরনের ক্ষতি করার কয়েক দিন পরই রাশিয়া এই পাল্টা হামলা চালাল।

শুক্রবার ইউক্রেনে হামলার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, পুতিন যুদ্ধ শেষ করতে ভালোবাসবেন। ট্রাম্প বলেন, তারা দুজনেই এটি শেষ করতে চান এবং তাদের সাথে আমার সম্পর্ক থাকাটা খুবই ভালো একটি বিষয়। পুতিনকে নিজের বন্ধু বলার অবস্থানে অনড় থেকে ট্রাম্প আরও বলেন, পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু কি না, সে বিষয়ে তিনি বলতে পারবেন না।

তবে ট্রাম্পের এমন কথার পরও জেলেনস্কি পুতিনকে খুনি হিসেবেই দেখছেন। সিএনএন-কে তিনি বলেন, আমি মনে করি বিশ্বের অধিকাংশ মানুষের কাছেই তিনি একজন খুনি, কারণ তিনি হত্যা করছেন- তিনি প্রতিটি দিন ও রাত মানুষ হত্যা করে চলেছেন। জেলেনস্কি আরও বলেন, পুতিনকে বন্ধুর মতো করে ডাকার অর্থ হলো তিনি যথেষ্ট চাপ অনুভব করছেন না।

সূত্র: বিবিসি

আরআই/

মন্তব্য করুন