পাকিস্তানি সেনাকে হত্যার দাবি ভারতের, সংবাদ সম্মেলনে হাজির সেই সাবেক সেনা
ছবি: সংগৃহীত
১২:১৫ পিএম | ০২ অক্টোবর, ২০২৬
পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে এক সাবেক পাকিস্তানি সেনার নিহত হওয়ার ভারতীয় দাবিকে সরাসরি মিথ্যা প্রমাণ করেছেন। বৃহস্পতিবার (০১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি ওই 'নিহত' সেনা সদস্য অবসরপ্রাপ্ত হাবিলদার মুহাম্মদ আসিফকে জীবিত অবস্থায় গণমাধ্যমের সামনে হাজির করে ভারতের বানোয়াট বয়ান জনসমক্ষে তুলে ধরেন।
ঘটনার সূত্রপাত ২৯ সেপ্টেম্বর রাতে। আইএসপিআর ডিজি জানান, ভারতীয় বাহিনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে, কোরাগ ও ইউসমার্গ এলাকায় এক যৌথ তল্লাশি অভিযানে এক সন্ত্রাসী নিহত হয়েছে। কয়েক ঘণ্টা পর তারা দাবি করে, নিহত ব্যক্তি লস্কর-ই-তৈয়বার সন্ত্রাসী মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মুসা। এরপর ভারতীয় সংবাদ সংস্থা এএনআই আসিফের বিস্তারিত পরিচয় তুলে ধরে দাবি করে যে, তিনি পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিসেস গ্রুপের (এসএসজি) সাবেক হাবিলদার। এমনকি তিনি একসময় সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের ভিভিআইপি নিরাপত্তা দলেও কাজ করেছেন বলে দাবি করা হয়।
এই বানোয়াট গল্পের কড়া জবাব দিতে আইএসপিআর ডিজি সরাসরি মুহাম্মদ আসিফকে সবার সামনে নিয়ে আসেন। সংবাদ সম্মেলনে আসিফ বলেন, 'গতকাল সন্ধ্যায় বন্ধুরা ফোন করে জানায় যে ভারতীয় মিডিয়া বলছে আমাকে কাশ্মীরে হত্যা করা হয়েছে। তারা জানতে চায় আমি কোথায় আছি। আমি তাদের বলি যে আমি জীবিত ও সুস্থ আছি, আর আলহামদুলিল্লাহ নিজের বাড়িতেই বসে আছি।'
তিনি আরও জানান, এরপর অসংখ্য ভারতীয় নম্বর থেকে তার কাছে ফোন আসতে থাকে, যা তিনি ব্লক করে দেন। আসিফ জানান, ২০২৩ সালে অবসরের পর তিনি এখন নিজের ছোট ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন। ভারতের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ, আমি আজ আপনাদের সামনে জীবিত দাঁড়িয়ে আছি। আমার পরিচয়ের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার কাছে আমার জাতীয় পরিচয়পত্র এবং সামরিক নথিপত্র রয়েছে।'
আইএসপিআর ডিজি এই ঘটনাকে ভারতের অভ্যন্তরীণ সমস্যা আড়াল করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ভারত কাশ্মীরের ওপর তাদের নিজস্ব দমন-পীড়নের ঘটনা থেকে দৃষ্টি সরাতে পাকিস্তানকে দোষারোপ করছে। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'দয়া করে পাকিস্তান-ভীতি থেকে বেরিয়ে আসুন। আপনাদের নিজস্ব অভ্যন্তরীণ সমস্যা রয়েছে, আপনাদের নিজেদের সংকট আছে-সেগুলো সামলান।' ভারতকে বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর সবচেয়ে বড় হোতা আখ্যা দিয়ে তিনি মন্তব্য করেন যে, ভারত এখন ধীরে ধীরে 'এনকাউন্টার-স্তান'-এ পরিণত হয়েছে।
সংবাদ সম্মেলনে সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তির বিষয়েও কথা বলেন আইএসপিআর ডিজি। তিনি জানান, মক্কা চুক্তির অধীনে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো গোপনীয়। তবে তিনি জোর দিয়ে বলেন, 'হারামাইন শরিফাইনের নিরাপত্তার প্রতি আমাদের প্রতিশ্রুতি চূড়ান্ত।'
এছাড়া, দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান তিনি। তিনি বলেন, 'রাজনীতি রাজনৈতিক দলগুলোর জন্য। রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলো সরকার গঠন করে।' তিনি স্পষ্ট করেন যে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সংবিধানের অধীন এবং রাষ্ট্রের নির্দেশ মেনে চলে, রাজনীতিতে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল
আরআই/টিএ