বক্স অফিসে ফ্লপ হয়েও অস্কারে ভারতের ‘গোনধল’!
ছবি: সংগৃহীত
০৬:১৬ পিএম | ০২ অক্টোবর, ২০২৬
রণবীর সিংয়ের তারকাবহুল ‘ধুরন্ধর’ কিংবা ‘বর্ডার ২’-এর মতো বক্স অফিস কাঁপানো সিনেমাগুলোকে পেছনে ফেলে বিশ্বমঞ্চে ভারতকে উপস্থাপন করতে যাচ্ছে এক মারাঠি সিনেমা। নাম ‘গোনধল’। ৯৯তম অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার ২০২৭) ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে যাচ্ছে এটি।
দেশটির আলোচিত মোট ৩৩টি সিনেমাকে পেছনে ফেলে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার (এফএফআই) জুরি বোর্ড এই ছোট বাজেটের সিনেমাটিই অস্কারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে করে সিনেপ্রেমীদের কৌতুহল জন্মেছে, বক্স অফিসে হিট করা সিনেমা বাদ দিয়ে কেন এই সিনেমাকে পাঠাল ভারত; কী এমন বিশেষত্ব লুকিয়ে আছে এর গল্পে?
সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে মাত্র ৫ কোটি রুপি। মুক্তি পায় গত বছরের নভেম্বরে। কিন্তু হতাশাজনক বিষয়, সিনেমাটি মাত্র আয় করেছিল মাত্র ৯০ লাখ রুপি। অর্থাৎ, ফ্লপ। সিনেমাটির গল্প লেখাসহ পরিচালনা করেছেন সন্তোষ দেবাকর।
সিনেমাটি অস্কারে যাওয়ার মনোনয়ন পাওয়ার পর ভারতের ফোর্বসকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্মাতা সন্তোষ দেবাকর জানিয়েছেন, ভারত একটি বৈচিত্র্যময় দেশ, তাই সাংস্কৃতিকভাবে ভারতকে উপস্থাপন করার উদ্দেশ্যেই এই সিনেমা নির্মাণ করা তার। অস্কারে ‘গোনধল’ সিনেমা ভারতকে প্রতিনিধিত্ব করবে; তাই এ নিয়েও বেশ আশাবাদি নির্মাতা।

কিন্তু, বক্স অফিসে মাত্র ৯০ লাখ রুপি আয় করা একটি সিনেমা কীভাবে শত কোটি রুপির সিনেমাগুলোকে টেক্কা দিল, সেই কৌতূহলের নিরসন ঘটিয়েছেন জুরি বোর্ডের অন্যতম সদস্য বিবেক ভাসওয়ানি। তিনি স্পষ্ট জানান, নিছক বাণিজ্যিক সাফল্য বা তারকাখ্যাতি নয়, অস্কারের মঞ্চে প্রতিযোগিতার জন্য যে নান্দনিক ও মৌলিক গল্পের প্রয়োজন, তা ‘ধুরন্ধর’-এর মতো সিনেমাগুলোতে অনুপস্থিত ছিল।
এই জুরি বোর্ডের সদস্য আরও জানান, ১৪ সদস্যের জুরি বোর্ডে ‘ধুরন্ধর’-এর পক্ষে ভোট পড়ে মাত্র ৪টি। অন্যদিকে, অস্কারের টিকিট পাওয়ার আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ইফি) সেরা পরিচালকের ‘সিলভার পিকক’ এবং ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানজনক ‘ফিপ্রেসকি’ পুরস্কার অর্জন করে নিজের মেধার প্রমাণ দিয়েছে ‘গোনধল’।
সব মিলিয়ে জুরি বোর্ডের মতে, ভারতীয় সংস্কৃতির খাঁটি রূপ ও আন্তর্জাতিক মানের গল্প বলার শৈলীই সিনেমাটিকে অস্কারের দৌড়ে এগিয়ে দিয়েছে।
এছাড়াও ‘গোনধল’ সিনেমার মূল বিশেষত্ব হলো এর গল্প বলার প্রেক্ষাপট। গ্রামীণ মহারাষ্ট্রের আবহমান কাল ধরে চলে আসা ঐতিহ্যবাহী রাতভর লোকজ আচার ‘গোনধল’-এর পটভূমিতে রূপালী পর্দায় ডানা মেলেছে। ১১৭ মিনিটের এই সিনেমায় দেব-বন্দনা, নৃত্য ও সংগীতের আবহযুক্ত সেই থমথমে রাতের পটভূমিতে আবর্তিত হয়েছে ভালোবাসা, ছলনা ও বেঁচে থাকার লড়াইয়ের এক জটিল সমীকরণ।
‘গোনধল’ হলো অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করা চতুর্থ মারাঠি সিনেমা। অস্কার যাত্রার প্রাক্কালে আগামী ৯ অক্টোবর থেকে মুম্বাই, দিল্লি, চেন্নাইসহ ভারতের প্রধান শহরগুলোতে সিনেমাটির বিশেষ ‘পেইড প্রিভিউ’ শুরু হচ্ছে।
উল্লেখ্য, ২০২৭ সালের অস্কার অনুষ্ঠিত হবে ১৪ মার্চ, আর চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হবে ২১ জানুয়ারি।
এসএ/টিএ