সাভারে ছিনিয়ে নিয়ে স্কুলছাত্রীকে হত্যা: প্রধান আসামি মিজানুর গ্রেপ্তার
প্রধান আসামি মিজানুর রহমান, ছবি সংগৃহীত
ঢাকার সাভারে দশম শ্রেণির শিক্ষার্থী নীলা রায়কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই সহযোগীসহ প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।
শুক্রবার রাত ১০টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া কর্নেল ব্রিকস ফিল্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মিজানুর সাভারের ৪ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। গ্রেপ্তার বাকি দুই আসামি হলো- সাকিব ও জয়। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত ছয় জনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সাভারে চাঞ্চল্যকর নীলা হত্যাকাণ্ডের ঘটনার পরদিন ২১ সেপ্টেম্বর নিহতের বাবা নারায়ণ রায় মিজানুর রহমান, তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন নাহারসহ অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে পলাতক ছিল আসামিরা। গত মঙ্গলবার মিজানুরের সহযোগী সেলিম পালোয়ান এবং বৃহস্পতিবার রাতে মিজানুরের বাবা-মাকে গ্রেপ্তার করা হয়। এরপর শুক্রবার অভিযান চালিয়ে মিজানুর ও তার দুই সহযোগীকে আটক করা হয়।
এ দিকে মিজানের বাবা আব্দুর রহমান (৬০) ও মা নাজমুন্নাহার সিদ্দিকাকে (৫০) গ্রেপ্তারে পরে তাদের দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে সাভার থানার পুলিশ।
প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নীলা রায় ও তার ভাই অলক রায়ের পথরোধ করে বখাটে মিজানুর রহমান। পরে তার ভাইয়ের কাছ থেকে নীলাকে জোর করে ছিনিয়ে তাদের পরিত্যক্ত বাড়ির একটি কক্ষে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নীলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
আরও পড়ুন
প্রেমে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে ছাত্রী খুন: সাভারে যুবক আটক
সাভারে ছিনিয়ে নিয়ে স্কুলছাত্রীকে হত্যা: দুইদিনেও গ্রেপ্তার হয়নি কেউ
টাইমস/এইচইউ