৩৬ বছর পর আবারও ‘হোম অ্যালোন’-এ ফিরছেন অভিনেতা ম্যাকলে কালকিন
ছবি: সংগৃহীত
০৯:০৩ পিএম | ২১ নভেম্বর, ২০২৬
নব্বইয়ের দশকে ‘হোম অ্যালোন’ চলচ্চিত্রে কেভিন ম্যাকক্যালিস্টার নামের এক বুদ্ধিদীপ্ত শিশুর চরিত্রে অভিনয় করে খ্যাতি পান অভিনেতা ম্যাকলে কালকিন। প্রথম ছবিটি মুক্তির ৩৬ বছর পর আবারও এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসছেন তিনি। যদিও ডিজনি এখনো আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করেনি।
তবে ‘ডেডলাইন’-এর প্রতিবেদন অনুযায়ী, ছবিটির একটি সিক্যুয়েল তৈরির প্রাথমিক কাজ শুরু হয়েছে। এটি প্রযোজনা ও চিত্রনাট্য রচনার দায়িত্বে থাকছেন ‘পয়েন্ট গ্রে’-এর সেথ রোজেন এবং ইভান গোল্ডবার্গ।
‘হোম অ্যালোন’-এ ম্যাকলে কালকিনের প্রত্যাবর্তন
প্রতিবেদন অনুযায়ী, কালকিন ডিজনি মোশন পিকচার্সের ডেভিড গ্রিনবামকে ‘হোম অ্যালোন’-এর একটি সিক্যুয়েল তৈরির প্রস্তাব দিয়েছেন। শোনা যাচ্ছে, এই ফ্র্যাঞ্চাইজিতে তার ফিরে আসা নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনার পর গ্রীষ্মকালে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বর্তমানে নিজে একজন বাবা হওয়ায়, কালকিন একজন বাবার দৃষ্টিভঙ্গি থেকে গল্পের ধারণাটি তুলে ধরেছেন। শৈশবে একা পড়ে যাওয়া এবং চোরদের মোকাবিলা করার অভিজ্ঞতার পর, বড় ও পরিণত কেভিন এখন কেমন জীবন কাটাচ্ছে—তা নিয়ে অভিনেতার কাছে বেশ আকর্ষণীয় একটি পরিকল্পনা রয়েছে। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, এই সিক্যুয়েলে কালকিন অভিনয় করবেন; চিত্রনাট্য লিখছেন রোজেন এবং প্রযোজনায় থাকছেন গোল্ডবার্গ। বর্তমানে তারা কালকিনের সঙ্গে এই ধারণাটি নিয়ে কাজ করছেন। তবে ডিজনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এর আগে কালকিন নিজেই এই চরিত্রে ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন। ২০২৫ সালের নভেম্বরে ‘আ নস্টালজিক নাইট উইথ ম্যাকলে কালকিন’ ট্যুরের সময় তিনি জানিয়েছিলেন, উপযুক্ত সুযোগ পেলে ‘হোম অ্যালোন’-এ কেভিন চরিত্রে ফিরে আসতে তার কোনো আপত্তি নেই। তিনি একটি সম্ভাব্য সিক্যুয়েলের ধারণাও দিয়েছিলেন, যেখানে কেভিন একজন বিপত্নীক বা বিবাহবিচ্ছেদ হওয়া বাবা হিসেবে একা সন্তানকে বড় করছেন।
‘দ্য হলিউড রিপোর্টার’-এর তথ্য অনুযায়ী, তার প্রস্তাবিত গল্পে দেখা যাবে, কেভিন বাড়ির বাইরে আটকা পড়েছেন এবং তার ছেলে তাকে ভেতরে ঢুকতে না দেওয়ার জন্য নানা ফাঁদ পেতে রেখেছে- যা মূল সিনেমার ঘটনার ঠিক বিপরীত।
‘হোম অ্যালোন’ চলচ্চিত্রসমূহ
১৯৯০ সালে ক্রিস কলম্বাসের পরিচালনায় মুক্তি পায় ‘হোম অ্যালোন’ এবং ১৯৯২ সালে আসে এর সিক্যুয়েল ‘হোম অ্যালোন ২: লস্ট ইন নিউইয়র্ক’। সিনেমা দুটি বিশ্বজুড়ে মোট ৮৩৬.২ মিলিয়ন ডলার আয় করেছিল। ১৯৯৭ সালে রাজা গসনেলের পরিচালনায় নির্মিত হয় ‘হোম অ্যালোন ৩’। ২০০২ সালে রড ড্যানিয়েলের পরিচালনায় তৈরি হয় টেলিভিশন চলচ্চিত্র ‘হোম অ্যালোন ৪’।
এরপর ২০১২ সালে ‘হোম অ্যালোন: দ্য হলিডে হাইস্ট’ এবং ২০২১ সালে ‘হোম সুইট হোম অ্যালোন’ মুক্তি পায়- যার মধ্যে প্রথমটি টেলিভিশনে এবং দ্বিতীয়টি ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হয়; এগুলো পরিচালনা করেছেন যথাক্রমে পিটার হিউইট ও ড্যান মেজার। ‘হোম অ্যালোন’ সিরিজের সবকটি চলচ্চিত্রেই দেখা যায়, ছুটির মৌসুমে শিশুরা বাড়িতে একা রয়েছে এবং তাদের নিজেদের ও পারিবারিক বাড়িটিকে চোরদের হাত থেকে রক্ষা করার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
পরবর্তী সময়ে আরও কিছু চলচ্চিত্র নির্মিত হলেও, প্রথম দুটির মতো জনপ্রিয়তা আর কোনোটিই পায়নি; এমনকি অন্য কোনো প্রধান অভিনেতাও ম্যাকলে কালকিনের মতো তারকাখ্যাতি অর্জন করতে পারেননি। নতুন চলচ্চিত্রটি কে পরিচালনা করবেন, তা এখনো দেখার বিষয়।
এসএ/