বিদায়ের পরই মেসিকে ঘিরে নতুন গুঞ্জন, হতে পারেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত
০৭:২৪ এএম | ০৮ অক্টোবর, ২০২৬
ফুটবল মাঠে প্রায় সব অর্জনই নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ থেকে কোপা আমেরিকাসহ অর্জনের মুকুটে যোগ করেছেন একের পর এক পালক। এবার আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। আর সেই বিদায়ের পরই তাকে ঘিরে উঠেছে সম্পূর্ণ ভিন্ন এক আলোচনা। ভবিষ্যতে কি রাজনীতির মাঠে দেখা যাবে মেসিকে?
গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবিকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বিষয়টি। যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংবাদমাধ্যম ইয়াহু স্পোর্টসও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এক ভূরাজনৈতিক বিশ্লেষক ও ভবিষ্যদ্বক্তার দাবি, আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে পারেন বিশ্বকাপজয়ী মেসি।
কানাডীয় শিক্ষাবিদ ও ভবিষ্যদ্বক্তা হিসেবে পরিচিত ‘প্রফেসর জিয়াং’ আমেরিকান রাজনৈতিক ভাষ্যকার নিকোলাস কেন ডি বালিনথাজির (স্নিকো) সঙ্গে এক সাক্ষাৎকারে এই দাবি করেন।

জিয়াংয়ের ভাষ্য, খুব শিগগিরই পেশাদার রাজনীতিতে প্রবেশ করতে পারেন মেসি। এমনকি একপর্যায়ে আর্জেন্টিনার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদেও বসতে পারেন তিনি।
তার দাবি, বিশ্ব রাজনীতির নানা ঘটনা বিশ্লেষণে তিনি ‘গেম থিওরি’ ও বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করেন। নিজের কিছু রাজনৈতিক পূর্বাভাস এর আগে সত্যি হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে তার পেশাগত পরিচয় কিংবা এসব পূর্বাভাসের বৈজ্ঞানিক ভিত্তি স্বাধীন ও নিরপেক্ষ কোনো সূত্রে যাচাই করা সম্ভব হয়নি।
আর্জেন্টিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে জিয়াং আরও বড় দাবি করেছেন। তার মতে, মেসি প্রেসিডেন্ট হলে প্রায় দুই দশক পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন।
তবে সেই সময় দেশটির জন্য বিতর্কিত ও ক্ষতিকর কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও দাবি করেছেন তিনি। একই সঙ্গে জিয়াংয়ের আরও বক্তব্য, মেসি রাষ্ট্রপতির দায়িত্ব নিলেও আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট ও চরম ডানপন্থী নেতা হাভিয়ের মিলেই পর্দার আড়াল থেকে গুরুত্বপূর্ণ প্রভাব ধরে রাখতে পারেন।
অর্থাৎ, মাঠের সবুজ গালিচায় যার নেতৃত্বে আর্জেন্টিনা পেয়েছে বিশ্বকাপের সাফল্য, সেই মেসিকে নিয়েই এবার উঠেছে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সম্ভাবনার আলোচনা।
তবে আপাতত এটিকে কেবল একজন ভবিষ্যদ্বক্তার দাবি হিসেবেই দেখা হচ্ছে। মেসি নিজে আর্জেন্টিনার রাজনীতিতে প্রবেশ বা প্রেসিডেন্ট হওয়ার কোনো পরিকল্পনার কথা ঘোষণা করেননি।
কেএন/টিএ