নাটোর রেলস্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরির অভিযোগ
ছবি: সংগৃহীত
০৭:৫১ এএম | ০৮ অক্টোবর, ২০২৬
নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার থেকে জার্মানির এক তরুণ পর্যটকের ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাগ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি নাটোর সদর থানায় অভিযোগ করেছেন।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার কক্ষে এ ঘটনা ঘটে বলে জানায় ১৮ বছর বয়সি জার্মান তরুণ কিরিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বুধবার দুপুরে সান্তাহার রেলস্টেশন থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোরের উদ্দেশে রওনা হন ওই জার্মান তরুণ। বিকেলে নাটোর রেলস্টেশনে নামেন তিনি। সেখান থেকে অন্য ট্রেনে ভারত যাওয়ার জন্য দর্শনা স্টেশনে যাওয়ার কথা ছিল তার।
নাটোর স্টেশনের যাত্রী বিশ্রামাগারে অবস্থানের সময় এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে ওই যুবক কৌশলে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। ব্যাগে ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।
পরে অনেক খোঁজাখুঁজি করেও ব্যাগ না পেয়ে স্টেশনে কান্নায় ভেঙে পড়েন ওই তরুণ। বিষয়টি তিনি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান। পরে নাটোর রেলস্টেশন কর্তৃপক্ষ সান্তাহার রেলওয়ে থানাকে বিষয়টি অবহিত করে এবং তাকে নাটোর সদর থানায় যাওয়ার পরামর্শ দেয়। এরপর তিনি সদর থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চান।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বলেন, বিষয়টি জিআরপি পুলিশের আওতাধীন। তবে বিদেশি নাগরিক হওয়ায় তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
কেএন/টিএ