দ্রুত সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: রোসাটম
ছবি: সংগৃহীত
০৯:১২ এএম | ১০ অক্টোবর, ২০২৬
পাবনার ঈশ্বরদীস্থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছে রূপপুর প্রকল্পের নির্মাণ ও প্রযুক্তিগত সহায়তার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- রাশিয়ার মস্কোয় শুক্রবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প’-এর সার্বিক অগ্রগতি ও প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দ্বিপাক্ষিক এ বৈঠকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট (VVER-1200 রিয়্যাক্টর) থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সংযোগ দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা সম্ভব হবে। বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- দ্বিপাক্ষিক বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানান, ২৪০০ মেগাওয়াট সর্বমোট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করবে। বৈঠকে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ জানান, আগামী বছর থেকে ২য় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্ট-আপ কার্যক্রম শুরু হবে।
বৈঠকে রূপপুর প্রকল্পের সাফল্য ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে পারমাণবিক শক্তি খাতের আরও সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়।
আরআই/টিএ