মানিকগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় চীনা নাগরিক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
১২:২৮ এএম | ২৬ নভেম্বর, ২০২৬
মানিকগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় চীনা নাগরিক চেন ইয়ংকে (৪১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক দোলন বিশ্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান।
এর আগে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান ওসি।
গ্রেপ্তার চীনা নাগরিক চেন ইয়ং রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ২৩ নম্বর শাহারা র্যাপসোডিয়া বাড়ির সপ্তম তলায় ভাড়া থাকতেন।
নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়। সে সদর উপজেলার একটি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। এরপর কোথাও তাকে খুঁজে না পেয়ে পরদিন বুধবার (১৮ নভেম্বর) ওই স্কুলছাত্রীর বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি নিখোঁজসংক্রান্ত সাধারণ ডায়েরি করেন।
পরবর্তী সময়ে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালায়। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে এবং চীনা নাগরিক চেন ইয়ংকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের মানিকগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর বাবা মানিকগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেছেন। ওই মামলায় চীনা নাগরিক চেন ইয়ংকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিচারকের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে। ইতোমধ্যে নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর সব ধরনের ডাক্তারি পরীক্ষা শেষ হয়েছে।
একেএস