© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘মেসির চেয়েও বড় বার্সেলোনা,’ বিদায় সংবর্ধনা নিয়ে সাবেক সভাপতির ক্ষোভ

শেয়ার করুন:
‘মেসির চেয়েও বড় বার্সেলোনা,’ বিদায় সংবর্ধনা নিয়ে সাবেক সভাপতির ক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১১ এএম | ১৩ অক্টোবর, ২০২৬
বার্সেলোনার হয়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন লিওনেল মেসি। অথচ ক্লাব ছাড়ার পাঁচ বছর পরও ক্যাম্প ন্যুতে সমর্থকদের সামনে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়নি তার। এই বিলম্ব নিয়ে এবার প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়লেন বার্সেলোনার সাবেক সভাপতি হুয়ান গাসপার্ত। মেসিকে মনে করিয়ে দিলেন, কোনো ব্যক্তির চেয়ে ক্লাবের মর্যাদা অনেক বড়।

২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর এখনো ক্লাবের সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়া হয়নি মেসির। বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে তার শীতল সম্পর্ককেই এই সংবর্ধনার পথে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। তবে গাসপার্তের দাবি, বোর্ডরুমের রাজনীতিকে সামনে রেখে বিদায় জানাতে আসা নিয়ে কোনো শর্ত দেওয়া উচিত নয় মেসির।



বার্সেলোনার হয়ে মেসির যাত্রার শুরুর সময় ক্লাবটির সভাপতি ছিলেন গাসপার্ত। মাত্র ১৩ বছর বয়সে মেসিকে দলে নেওয়ার প্রসঙ্গ টেনে সাবেক এই কর্মকর্তা বলেন, ক্লাবের অবদান কখনো ভুলে যাওয়া উচিত নয় আর্জেন্টাইন তারকার।

‘সোলো পারা কুলেস’ পডকাস্টে গাসপার্ত বলেন, ‘লিও নিঃসন্দেহে একজন অসাধারণ ফুটবলার, বিশ্বের সেরা এবং দারুণ একজন খেলোয়াড়। তবে একটি বিষয় তার ভুলে যাওয়া চলবে না, বার্সেলোনা তার চেয়েও বড়। এ ব্যাপারে তার সতর্ক থাকা উচিত, খুব সতর্ক।’

মেসির প্রতি নিজের দীর্ঘদিনের ভালোবাসার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘একজন খেলোয়াড়ের প্রতি ঐতিহাসিক ভালোবাসা থেকেই আমি কথাগুলো বলছি। ১৩ বছর বয়সে যখন তাকে দলে নিয়েছিলাম, তখন বার্সেলোনার সভাপতি ছিলাম আমি। তাই বলছি, তার সতর্ক থাকা উচিত। ব্যক্তি হিসেবে মেসির চেয়েও বার্সেলোনা বড়।’

মেসির বিদায় সংবর্ধনা নিয়ে নিজের ধৈর্য ফুরিয়ে আসছে বলেও জানিয়েছেন গাসপার্ত। তার মতে, লাপোর্তা সভাপতি থাকলে বার্সেলোনায় ফিরবেন না, এমন কোনো অবস্থান মেনে নেওয়া যায় না। এমন শর্ত বহাল থাকলে মেসির সংবর্ধনায় অংশ না নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গাসপার্তের ভাষায়, ‘সে একজন অসাধারণ খেলোয়াড়, বিশ্বের সেরা। তবে বার্সেলোনার অবদানেও সে এই পর্যায়ে পৌঁছেছে, কতটা অবদান, তা বলছি না। তাই ক্লাবের কথা তার ভুলে গেলে চলবে না। এ কারণেই এখনো তাকে কিছুটা ছাড় দিচ্ছি। কিন্তু একদিন বিষয়টি আমাকে বিরক্ত করতে শুরু করবে, যদি মেসি সমর্থকদের বিদায় জানাতে বার্সেলোনায় ফেরার পথে সামান্যতম বাধাও তৈরি করে।’

সাবেক এই সভাপতি আরও বলেন, ‘সভাপতি যে-ই থাকুন না কেন, তাকে বার্সেলোনায় এসে সমর্থকদের বিদায় জানাতেই হবে। লাপোর্তা আর সভাপতি থাকবেন না, শুধু সেদিনই যদি লিও বিদায় জানাতে আসে, আর লাপোর্তা সভাপতি বলে এখন আসতে না চায়, তাহলে আমি তার সংবর্ধনায় অংশ নেব না। সে নিজেকে কী মনে করে? লাপোর্তা সভাপতি আছেন কি না, তার ওপর বার্সেলোনায় ফেরার বিষয়টি নির্ভর করবে কেন? এমন শর্তের কারণে যদি লাপোর্তা সভাপতি না থাকেন, তাহলেও আমি সেই সংবর্ধনায় উপস্থিত থাকব না।’

আরআই/টিএ

মন্তব্য করুন