১৩ বছর পর সালমানকে করণের প্রশ্ন, ‘এখনো কি ভার্জিন?’
ছবি: সংগৃহীত
০৫:৩৭ পিএম | ১৩ অক্টোবর, ২০২৬
বলিউড অভিনেতা সালমান খানকে আবারও সেই পুরনো প্রশ্ন করলেন নির্মাতা ও সঞ্চালক করণ জোহর। ‘কফি উইথ করণ’-এর নবম ও শেষ মৌসুমের নতুন প্রোমোতে সালমানকে জিজ্ঞাসা করতে শোনা যায়, ‘তুমি কি এখনো ভার্জিন?’ ২০১৩ সালে শোতে এসে একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা।
দীর্ঘ ১৩ বছর পর সেই প্রসঙ্গ আবারও সামনে আনলেন করণ।
নতুন প্রোমোতে করণের প্রশ্ন শুনে সালমান মজার ছলে বলেন, ‘কন্ট্রোল, ইয়ার, ব্রাদার। কন্ট্রোল।’ এরপর করণকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এমন তো নয় যে শেষ মৌসুম বলেই তুমি সবাইকে শোতে আসতে রাজি করিয়েছ?’
সালমানের এই কথোপকথন প্রকাশ্যে আসার পর নতুন মৌসুমের প্রোমো ঘিরে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।
‘কফি উইথ করণ’-এর শেষ মৌসুমে প্রথম অতিথি হিসেবেই ফিরছেন এই অভিনেতা।
২০১৩ সালে কী বলেছিলেন সালমান?
২০১৩ সালের ডিসেম্বরে ‘কফি উইথ করণ’-এর চতুর্থ মৌসুমের প্রথম পর্বে অতিথি হয়ে এসেছিলেন সালমান খান। সেদিন করণ তার সম্পর্ক ও ভবিষ্যৎ বিয়ে নিয়ে কথা বলার সময় জানতে চান, তিনি কি ভবিষ্যৎ স্ত্রীর জন্য নিজেকে সংযত রেখেছেন।
জবাবে সালমান বলেছিলেন, ভবিষ্যৎ স্ত্রীর জন্যই নিজেকে বাঁচিয়ে রাখতে চান তিনি।
এরপর করণ সরাসরি জানতে চান, সালমান ভার্জিন কি না। উত্তরে অভিনেতা বলেন, ‘হ্যাঁ।’ তার কথায়, বন্ধু ছিল, তবে ‘বেনিফিটস’ ছিল না। এ ছাড়া একা ঘুমাতেই পছন্দ করেন বলেও জানিয়েছিলেন তিনি।
সেই কথোপকথন সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
‘কফি উইথ করণ’-এর স্মরণীয় মুহূর্তগুলোর একটি হয়ে আছে সেটি। নতুন মৌসুমের প্রোমোতে একই প্রশ্ন ফিরে আসায় পুরনো সেই পর্বও আবার আলোচনায় এসেছে।
করণকে বিদায় না নেওয়ার অনুরোধ সালমানের
প্রোমোতে করণ জোহরের সঙ্গে সালমানের দীর্ঘদিনের সম্পর্কের প্রসঙ্গও উঠে আসে। শো থেকে বিদায় নেওয়ার কথা বললে সালমান মজা করে বলেন, ‘করণ, তুসি না যাও।’ শাহরুখ খান ও কাজল অভিনীত ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার জনপ্রিয় সংলাপের ঢঙে বলা এই কথাটি প্রোমোতে বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
করণ এরপর সালমানকে বলেন, তাকে আগের চেয়ে অনেক বেশি শান্ত ও সংযত মনে হচ্ছে। জবাবে সালমান রসিকতা করে বলেন, এত দিন অন্যদের যে পরামর্শ দিয়েছেন, এবার সেগুলো নিজের জীবনে অনুসরণ করার সময় এসেছে।
ট্রলিং ও পাপারাজ্জি নিয়েও কথা
প্রোমোতে সালমানের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গও এসেছে। ‘বিগ বস ২০’-এ ট্রলিং ও পাপারাজ্জি সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে মোবাইল ফোনের ক্যামেরা আবিষ্কারকারীকে নিয়ে রসিকতা করেন তিনি।
এ ছাড়া শোয়ের বিখ্যাত কফি হ্যাম্পার নিয়েও মজার কথোপকথন হয়। করণ বলেন, হ্যাম্পার পেতে সালমানকে লড়াই করতে হবে। উত্তরে সালমান বলেন, ‘হ্যাম্পারের জন্য কেন লড়ব, করণ? প্যাম্পারের জন্য লড়ব!’
করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’-এর নবম ও শেষ মৌসুম ১৪ অক্টোবর থেকে স্ট্রিমিং শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম অতিথি হিসেবে সালমান খানের উপস্থিতি দিয়ে শুরু হচ্ছে এই মৌসুম।
এফআর/এসএন