বাংলাদেশে ফ্রিতে ওয়াটারমার্ক তুলল কিনেমাস্টার
ছবি: সংগৃহীত
১২:২৩ পিএম | ২০ অক্টোবর, ২০২৬
দক্ষিণ কোরিয়া থেকে ফিরে:
বাংলাদেশের লাখ লাখ ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ও মোবাইল সাংবাদিকদের জন্য বড় ঘোষণা! জনপ্রিয় আন্তর্জাতিক ভিডিও এডিটিং প্ল্যাটফর্ম কিনেমাস্টারে (KineMaster) আর থাকছে না ওয়াটারমার্কের বাধ্যবাধকতা। কোনো প্রকার পেইড সাবস্ক্রিপশন ফি ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ওয়াটারমার্ক ছাড়া ফুল রেজল্যুশনে ভিডিও তৈরির সুবিধা উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি উন্মুক্ত হওয়া কিনেমাস্টারের নতুন ৮.২ সংস্করণে বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য এই সুবিধা কার্যকর করা হয়েছে।
গত ২ সেপ্টেম্বর (২০২৬) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে কিনেমাস্টারের বৈশ্বিক প্রধান কার্যালয় পরিদর্শন করেন এই প্রতিবেদক বাংলাদেশ টাইমস-এর মোজো এডিটর-ইন-চিফ সাব্বির আহমেদ। প্রতিষ্ঠানটির শীর্ষ নীতিনির্ধারক, গ্লোবাল মার্কেটিং ও কোর ডেভেলপমেন্ট টিমের সাথে দীর্ঘ উচ্চপর্যায়ের এক বিশেষ বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে বাংলাদেশে মোবাইল সাংবাদিকতা এবং ডিজিটাল কনটেন্ট তৈরির বর্তমান প্রেক্ষাপট ও সম্ভাবনার বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরা হয়। সেই ফলপ্রসূ আলোচনার মাধ্যমেই বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য ওয়াটারমার্ক ছাড়া বিনামূল্যে অ্যাপটি ব্যবহারের দ্বার উন্মোচিত হয়।
বৈঠকে কিনেমাস্টার কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল যে, দক্ষিণ এশিয়ায় ডিজিটাল বিপ্লবের অংশ হিসেবে বাংলাদেশকে বিশেষ অগ্রাধিকার দিয়ে আসন্ন ৮.২ আপডেটে ওয়াটারমার্ক সম্পূর্ণ ফ্রি করা হবে। প্রতিশ্রুতি অনুযায়ী অ্যাপটির নতুন সংস্করণে সুবিধাটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
৮.২ আপডেটে যেসব বড় সুবিধা পাচ্ছেন বাংলাদেশের ব্যবহারকারীরা:
সম্পূর্ণ ফ্রি ওয়াটারমার্ক: কোনো মাসিক বা বাৎসরিক সাবস্ক্রিপশন ছাড়াই অ্যাপের ভিডিওতে থাকা কিনেমাস্টার লোগো/ওয়াটারমার্ক স্বয়ংক্রিয়ভাবে উঠে গেছে।
এডিটিংয়ে বিজ্ঞাপনের ঝামেলা মুক্তি: অ্যাপের এডিটিং স্ক্রিনে প্রবেশের সময় যেসব বাধ্যতামূলক বিজ্ঞাপন প্রদর্শিত হতো, নতুন সংস্করণে তা পুরোপুরি বন্ধ করা হয়েছে।
দৈনিক ফ্রি এক্সপোর্ট সুবিধা: ব্যবহারকারীরা প্রতিদিন প্রথম ৫টি ভিডিও সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্তভাবে (Ad-free) ফুল রেজল্যুশনে এক্সপোর্ট করতে পারবেন। পাঁচটির বেশি ভিডিও এক্সপোর্টের প্রয়োজন হলে কেবল এক্সপোর্ট প্রক্রিয়ার শুরুতে একটি ছোট বিজ্ঞাপন দেখলেই ফ্রিতে এক্সপোর্ট সম্পন্ন হবে।
নতুন ইন্টারফেস ও টুলস: ট্যাবলেট ও বড় পর্দার ডিভাইসের জন্য যুক্ত করা হয়েছে নতুন ইউজার ইন্টারফেস (UI), টাইমলাইনে একাধিক লেয়ার নিয়ন্ত্রণের জন্য মাল্টি-সিলেক্ট টুল এবং উন্নত ভিডিও ব্রাউজার।

সিউল বৈঠকের প্রেক্ষাপট তুলে ধরে বাংলাদেশ টাইমস-এর মোজো এডিটর-ইন-চিফ সাব্বির আহমেদ বলেন, “মাঠপর্যায়ে কর্মরত সংবাদকর্মী ও তরুণ কনটেন্ট নির্মাতাদের কাছে আন্তর্জাতিক মানের ভিডিও তৈরির পথে প্রধান অন্তরায় ছিল পেইড সাবস্ক্রিপশন ও ওয়াটারমার্কের বাধ্যবাধকতা। কিনেমাস্টারের শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনায় আমাদের দেশের তরুণদের সৃজনশীলতা ও মোবাইল সাংবাদিকতার দ্রুত বিকাশকে গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়। বাংলাদেশের প্রতি আন্তরিক সমর্থন জানিয়ে তাদের নেওয়া এই ঐতিহাসিক সিদ্ধান্ত দেশের তৃণমূল সাংবাদিকতা ও ডিজিটাল কনটেন্ট নির্মাণে অভাবনীয় বিপ্লব ঘটাবে।”
বর্তমানে গুগল প্লে স্টোর থেকে কিনেমাস্টারের নতুন ৮.২ সংস্করণ আপডেট করলেই বাংলাদেশের যেকোনো প্রান্তের ব্যবহারকারী কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধা উপভোগ করতে পারছেন।
আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বড় পরিকল্পনার কথা জানিয়ে কিনেমাস্টার টিম জানায়, নভেম্বরের নতুন আপডেটে আসছে উন্নত 'এআই মাস্ক' সুবিধা এবং আগামী বছর যুক্ত হবে জেনারেটিভ এআই। প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, ক্লাউড সার্ভারের ঝুঁকি এড়িয়ে ব্যবহারকারীর ডেটা ও কন্টেন্টের শতভাগ প্রাইভেসির সুরক্ষায় তাদের এআই টুলস সম্পূর্ণ অন-ডিভাইস লোকাল সিস্টেমে কাজ করবে।
এসএন