© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মস্কোতে মর্যাদাপূর্ণ ‘অনেস্ট ভিউ’ আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ জিতলেন ড. আবদুল কাবিল খান

শেয়ার করুন:
মস্কোতে মর্যাদাপূর্ণ ‘অনেস্ট ভিউ’ আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ জিতলেন ড. আবদুল কাবিল খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪১ পিএম | ২১ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক গণমাধ্যম অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরবময় অর্জন বয়ে এনেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডিআইইউয়ের জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, জেএমসি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আবদুল কাবিল খান। রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ৫ম রোসসোত্রুদনিচেস্তভো ‘অনেস্ট ভিউ’ ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘পেশাদার জনরা সাংবাদিকতা’ ক্যাটাগরিতে সেরা পুরস্কার জিতেছেন তিনি।

বিশ্বের ৮৫টি দেশ থেকে জমা পড়া ৮০০টিরও বেশি প্রতিযোগিতামূলক কাজের মধ্য থেকে তাঁর নির্মিত প্রামাণ্যচিত্র সিরিজ ‘গোল্ডেন ডেজ’ (Golden Days)-এর জন্য এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন তিনি। গত ১৯ নভেম্বর ২০২৬ মস্কোর বালচুগ কেম্পিনস্কি হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১০০ জন চূড়ান্ত মনোনীত সাংবাদিক, প্রখ্যাত গণমাধ্যম ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

রাশিয়ান সরকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সাংস্কৃতিক ও মানবিক সংলাপকে উৎসাহিত করতে ২০২২ সাল থেকে রোসসোত্রুদনিচেস্তভো এই পুরস্কার দিয়ে আসছে। ছয়টি ক্যাটাগরিতে মোট ৭০ লাখ রুবল অর্থমূল্যের এই প্রতিযোগিতা গত পাঁচ বছরে বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেছে।

ড. কাবিল খানের পুরস্কৃত প্রামাণ্যচিত্র সিরিজ ‘গোল্ডেন ডেজ’-এ দক্ষিণ এশিয়ায় বসবাসরত সোভিয়েত ও রাশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জীবন ও কর্মগাথা তুলে ধরা হয়েছে। এই আন্তর্জাতিক অর্জনের অনুভূতি ব্যক্ত করে ড. মো. আব্দুল কাবিল খান বলেন, “২০১১ সালে রাশিয়ার আরইউডিএন (RUDN) ইউনিভার্সিটিতে স্নাতক পর্যায়ে অধ্যয়নকালে আমি ‘গোল্ডেন ডেজ’ প্রামাণ্যচিত্র সিরিজটির উদ্যোগ নিই। এর মূল লক্ষ্য ছিল আরইউডিএন থেকে পাস করা সোভিয়েত ও রাশিয়ান গ্র্যাজুয়েটদের গল্প তুলে ধরা। এই কাজের জন্য আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সফর করে প্রাক্তন শিক্ষার্থীদের বাসা ও কর্মস্থলে গিয়ে তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নিয়েছি। প্রকল্পটি আরইউডিএন ইউনিভার্সিটির বিশেষ প্রশংসা এবং এই দেশগুলোর অ্যালামনাইদের আন্তরিক সহযোগিতা পেয়েছে। ‘অনেস্ট ভিউ’ আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন আমাদের এই কাজকে বৈশ্বিক দর্শকদের জন্য আরও মূল্যবান করে তুলেছে এবং আরইউডিএন ইউনিভার্সিটির আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য একটি অনন্য আর্কাইভাল রিসোর্স হিসেবে প্রতিষ্ঠিত করেছে।”

বাংলাদেশ থেকে আমন্ত্রিত পাঁচ সাংবাদিকের মধ্যে কাবিল খান সেরা পুরস্কার অর্জন করেন। এছাড়া সম্মাননা পুরস্কার পেয়েছেন সময় টেলিভিশনের সহযোগী জৈষ্ঠ্য প্রতিবেদক আবু সাঈদ নিশান, দেশ টিভির স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, দ্য সাটল টাইমসের জৈষ্ঠ্য প্রতিবেদক মাজহারুল ইসলাম ও রূপসী বাংলার সম্পাদক গৌতম কুমার।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের পাশাপাশি আমন্ত্রিত সাংবাদিকদের জন্য আয়োজন করা হয় পাঁচ দিনব্যাপী বিশেষ সফরের। এ সময় তাদের রাশিয়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। ঘুরে দেখানো হয় মস্কোর বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। এর মাধ্যমে বিভিন্ন দেশের সাংবাদিকরা রাশিয়ার সমৃদ্ধ ইতিহাস, স্থাপত্য, জীবনধারা ও সাংস্কৃতিক বৈচিত্র্য কাছ থেকে জানার সুযোগ পান।

উল্লেখ্য, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ড. আবদুল কাবিল খান বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জেএমসি বিভাগের বিভাগীয় প্রধান এবং কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যালের (সিডিএসটিএফ) প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার এই পুরস্কার অর্জন বাংলাদেশের সাংবাদিকতা ও প্রামাণ্যচিত্র নির্মাণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

কেএন/

মন্তব্য করুন