‘ওয়েলকাম ড্রিংক’-এর মতো অ্যান্টিবায়োটিক খাওয়ার ফল: অকার্যকর দেশের ৭১ শতাংশ ওষুধ
ছবি: সংগৃহীত
১০:০২ এএম | ২৬ নভেম্বর, ২০২৬
দেশে আশঙ্কাজনক হারে অকার্যকর হয়ে পড়ছে জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিক। ৭১ শতাংশ অ্যান্টিবায়োটিক এখন অকার্যকর। আইসিইউ-তে পরিস্থিতি আরো ভয়াবহ। আইসিইউ-তে ৯৩ শতাংশ ক্ষেত্রে কাজ করছে না অ্যান্টিবায়োটিক
সরকারি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সর্বশেষ জাতীয় জরিপে উঠে এসেছে এই চিত্র। দেখা গেছে, দেশের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা রোগীদের শরীরের ৯৩ শতাংশ জীবাণুই এখন একাধিক অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী বা 'সুপারবাগ'-এ পরিণত হয়েছে। এমনকি আইসিইউ-তে ব্লাড ইনফেকশনে প্রচলিত প্রায় কোনো অ্যান্টিবায়োটিকই আর কাজ করছে না।
সম্প্রতি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত - এর উপস্থিতিতে দেশের স্বাস্থ্য খাতের এই চিত্র তুলে ধরে ‘ফাইন্ডিংস অব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সার্ভেইল্যান্স ইন বাংলাদেশ ২০২৬’ শীর্ষক এক প্রতিবেদন। দেশের ৮টি বিভাগের ১৩টি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৭টি সরকারি-বেসরকারি ল্যাবরেটরি থেকে সংগৃহীত প্রায় ১ লাখ (৯৯ হাজার ৮৬৭টি) নমুনা বিশ্লেষণ করে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
মূল প্রবন্ধ উপস্থাপন করে আইইডিসিআর-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. জাকির এইচ. হাবিব জানান, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সংগৃহীত নমুনায় পরীক্ষিত জীবাণু ও অ্যান্টিবায়োটিকের ৪৬ থেকে ৯৩ শতাংশ ক্ষেত্রেই ওষুধের কার্যকারিতা বিপৎসীমায় নেমে এসেছে। সামগ্রিকভাবে ৭১ শতাংশ পরীক্ষায় দেখা গেছে, অ্যান্টিবায়োটিকগুলো জীবাণু ধ্বংস করতে ব্যর্থ হচ্ছে। অর্থাৎ সাধারণ জ্বর, প্রস্রাবের ইনফেকশন, নিউমোনিয়া বা ক্ষতস্থানের সংক্রমণেও প্রচলিত ওষুধে রোগী সুস্থ হচ্ছে না।
আইসিইউ-তে ভয়াবহ পরিস্থিতি, শেষ ভরসাও ঝুঁকিতে
প্রতিবেদনে সবচেয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে হাসপাতালগুলোর আইসিইউ থেকে। সাধারণ ওয়ার্ড বা বহির্বিভাগের তুলনায় আইসিইউ-তে 'মাল্টিড্রাগ-রেজিস্ট্যান্ট' (একাধিক ওষুধ-প্রতিরোধী) জীবাণুর উপস্থিতি প্রায় দ্বিগুণ (গড়ে ৫৫ শতাংশ, কিন্তু আইসিইউ-তে ৯৩ শতাংশ)।
আইসিইউ রোগীদের রক্তের সংক্রমণে পরীক্ষিত ৪২টি অ্যান্টিবায়োটিক-জীবাণু কম্বিনেশনের মধ্যে ৩৯টিই (৯২.৯ শতাংশ) অকার্যকর হয়ে পড়েছে। সেখানে প্রাথমিক বা মধ্যম স্তরের কোনো অ্যান্টিবায়োটিকই আর কাজ করছে না। অ্যাসিনেটোব্যাক্টর এবং ক্লেবসিয়েলা-এর মতো প্রাণঘাতী জীবাণুর বিরুদ্ধে সর্বশেষ ভরসা হিসেবে পরিচিত 'কার্বাপেনেম' (মেরোপেনেম/ইমিপেনেম) গ্রুপের ওষুধও ব্যর্থ হচ্ছে। চিকিৎসকদের হাতে এখন সর্বশেষ অস্ত্র হিসেবে কেবল 'কলিস্টিন' ও 'লিনেজোলিড'-এর মতো গুটিকয়েক ওষুধ অবশিষ্ট আছে।
'ওয়েলকাম ড্রিংক'-এর মতো দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক
অ্যান্টিবায়োটিকের এই ভয়াবহ অকার্যকারিতার পেছনে নির্বিচার ও অযৌক্তিক ব্যবহারকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে আইইডিসিআর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী, দেশে মোট ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের অন্তত ৬০ শতাংশ হওয়া উচিত প্রাথমিক স্তরের নিরাপদ 'অ্যাকসেস' (Access) গ্রুপের ওষুধ। কিন্তু বাংলাদেশে এর ব্যবহার মাত্র ১৬ শতাংশ। বিপরীতে উচ্চক্ষমতাসম্পন্ন 'ওয়াচ' (Watch) গ্রুপের ওষুধ ব্যবহৃত হচ্ছে ৭৫ শতাংশের বেশি। প্রতিবেদনে আক্ষেপ করে বলা হয়েছে, তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিনের কার্যকারিতা হারালেও হাসপাতালে রোগী ভর্তি হলেই অনেকটা ‘ওয়েলকাম ড্রিংক’-এর মতো শুরুতেই তা প্রয়োগ করা হচ্ছে। এমনকি সাধারণ বহির্বিভাগের রোগীদের ক্ষেত্রেও মুখে খাওয়ার 'রিজার্ভ' অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য আত্মঘাতী।
হতাশাজনক এই পরিস্থিতির মধ্যেও কিছু আশার কথা শুনিয়েছেন গবেষকরা। যেসব সস্তা ও পুরনো অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন কম ব্যবহৃত হয়েছে, সেগুলো এখনো দারুণ কার্যকর। যেমন-প্রস্রাবের ইনফেকশনে (ই-কোলাই) নাইট্রোফুরানটোয়েন ও ফসফোমাইসিন ৮০ থেকে ৯৬ শতাংশ পর্যন্ত কার্যকর রয়েছে। এছাড়া ডায়রিয়া বা কলেরার চিকিৎসায় দামি অ্যাজিথ্রোমাইসিনের বদলে সস্তা ডক্সিসাইক্লিন ও টেট্রাসাইক্লিন এখনো ভালো কাজ করছে।
এই 'নীরব মহামারী' রোধে সরকার, হাসপাতাল ও ফার্মেসির জন্য জরুরি কিছু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আইইডিসিআর। এর মধ্যে রয়েছে মৃত্যুর সনদে কারণ উল্লেখ করা। কোনো রোগী অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণুর সংক্রমণে (সেপসিস) মারা গেলে মৃত্যুর সনদে কারণ হিসেবে 'এএমআর' লিপিবদ্ধ করতে হবে, যাতে প্রকৃত মৃত্যুর হিসাব জাতীয়ভাবে সংরক্ষিত থাকে।
আইইডিসিআর পরামর্শ তুলে ধরে আরো বলে- নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ফার্মেসিতে অ্যান্টিবায়োটিক বিক্রি কঠোরভাবে বন্ধ করতে হবে। চিকিৎসকদের বিএমডিসি নিবন্ধনের সাথে যুক্ত 'ডিজিটাল ই-প্রেসক্রিপশন' চালু এবং ফার্মেসিতে প্রেসক্রিপশনের কপি সংরক্ষণ বাধ্যতামূলক করতে হবে।
হাসপাতালে মেরোপেনেম, কলিস্টিন বা সেফট্রিয়াক্সনের মতো গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রয়োগের ২৪ ঘণ্টার মধ্যে সহকারী অধ্যাপক বা তদূর্ধ্ব জ্যেষ্ঠ চিকিৎসকের অনুমোদন বাধ্যতামূলক করতে হবে- এমনটা গবেষণা প্রতিবেদনের পরামর্শে তুলে ধরা হয়। এছাড়াও প্রতিটি হাসপাতালে সংক্রমণ নিয়ন্ত্রণ কমিটি সক্রিয় করা এবং জেলা-উপজেলা পর্যায়ে রোগ নির্ণয়ের ল্যাব সুবিধা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
কেএন/