© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনসংখ্যালঘু ভোটারদের কেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছেন দাঁড়িপাল্লার প্রার্থী: অভিযোগ বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন

শেয়ার করুন:
সংখ্যালঘু ভোটারদের কেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছেন দাঁড়িপাল্লার প্রার্থী: অভিযোগ বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০০ পিএম | ২৮ অক্টোবর, ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী ও ১১ দলীয় জোটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।

বুধবার (২৮ অক্টোবর) তিনি অভিযোগ করেছেন যে, দাঁড়িপাল্লার প্রার্থীর লোকজন ও সমর্থকরা হিন্দু, বৌদ্ধ ও আদিবাসীসহ সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফয়সল আমীন আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকেই প্রতিপক্ষ প্রার্থীরা লাগাতার মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে নির্বাচনকে বিতর্কিত করতে চাচ্ছেন। তবে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে তাদের ছড়ানো অভিযোগগুলো তদন্ত করে মিথ্যা প্রমাণ করেছে এবং তাদের শোকজ করেছে।

সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি কম হওয়ার কথা থাকলেও এবার ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আগ্রহী। সমস্ত হুমকি-ধমকি উপেক্ষা করে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। 

এছাড়া বালিয়া ইউনিয়নে জামায়াত প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় হাতেনাতে একজন আটকের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক। দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনকে গ্রহণযোগ্য ও অর্থবহ করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এমআর/টিএ 



মন্তব্য করুন