© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘দুধের মতো ফর্সা শরীর’ মন্তব্যের এক বছর পর মুখ খুললেন তামান্না

শেয়ার করুন:
‘দুধের মতো ফর্সা শরীর’ মন্তব্যের এক বছর পর মুখ খুললেন তামান্না

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৮ এএম | ৩০ অক্টোবর, ২০২৬
অভিনেত্রী তামান্না ভাটিয়ার গায়ের রং ও শারীরিক গঠন নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন প্রবীণ অভিনেতা আন্নু কাপুর। তার মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকে সেটিকে যৌন ইঙ্গিতপূর্ণ ও আপত্তিকর বলে আখ্যা দেন। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন তামান্না নিজে।

তবে বিষয়টি নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ অভিনেত্রী। বরং নিজের কাজেই মনোযোগ দিতে চান তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে তামান্না ভাটিয়া জানান, একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে অন্যের কথা শোনা গুরুত্বপূর্ণ। তবে কোন কথাকে গুরুত্ব দিতে হবে আর কোনটি উপেক্ষা করতে হবে, সেই বোধও থাকা প্রয়োজন।

অভিনেত্রীর কথায়, ‘একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শোনা। কিন্তু কী শুনছি, তার মধ্যে কোনটা গ্রহণ করব আর কোনটায় কান দেব না, সেটা বোঝাও জরুরি।’তিনি আরও বলেন, ‘আমরা যদি এই ধরনের বিষয়কে গুরুত্ব দিতে শুরু করি, তাহলে হয়তো জীবনে এগিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়বে।’

আন্নু কাপুরের মন্তব্য তাকে কতটা প্রভাবিত করেছে, সে প্রসঙ্গে তামান্না ভাটিয়া জানান, এসব বিষয় নিয়ে ভাবতে চান না তিনি। বরং নিজের কাজ এবং অভিনয়জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন।

তামান্নার ভাষায়, ‘আমি এসব বিষয় দেখিই না। আমি আমার কাজের দিকে মন দিই। কী তৈরি করতে চাই, কীভাবে আমার অভিনয়জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেদিকেই নজর রাখি।’



শুধু অভিনয় নয়, নিজের কাজকে মানুষের প্রতি একধরনের সেবা হিসেবেও দেখেন তমন্না। তার বিশ্বাস, কাজের পেছনে সৎ উদ্দেশ্য থাকলে তা মানুষের কাছে পৌঁছায়।

যা বলেছিলেন আন্নু কাপুর

গত বছর একটি অনুষ্ঠানে তামান্নার ‘আজ কি রাত’ গানের দৃশ্য নিয়ে আলোচনা করতে গিয়ে তার চেহারা ও গায়ের রং নিয়ে মন্তব্য করেন আন্নু কাপুর। তিনি তামান্নার সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে বলেন, ‘মাশাআল্লাহ! কী দুধের মতো ফর্সা শরীর!’

এরপরও তামান্নাকে উদ্দেশ করে মন্তব্য করতে থাকেন প্রবীণ অভিনেতা। গানের দৃশ্য ও অভিনেত্রীর শারীরিক সৌন্দর্য নিয়ে তার বক্তব্য প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্যটিকে আপত্তিকর ও যৌন ইঙ্গিতপূর্ণ বলে উল্লেখ করেন।

সেই বিতর্কের পর এবার নিজের অবস্থান জানালেন তামান্না।

একেএস/টিএ

মন্তব্য করুন