সরকার জনগণের পেটে লাথি দিয়েছে, তাদের শিক্ষা দেওয়ার সময় এসেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত
০৮:৫২ পিএম | ৩০ অক্টোবর, ২০২৬
সরকার জনগণের পেটে লাথি দিয়েছে। তাই তাদের এখন শিক্ষা দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, ‘আমরা জরিপ করে দেখেছি, আমাদের দেশে দ্রব্যমূল্য আশপাশের দেশের তুলনায় ২০ শতাংশ বেশি। সরকার জনগণের পেটে লাথি দিয়েছে। তাদের এখন শিক্ষা দেওয়ার সময় এসেছে। ঢাকা শহরে অটোরিকশা বন্ধ করতে হবে, কিন্তু জনবান্ধব গণপরিবহন ব্যবস্থা চালু করতে হবে। আমরা সরকারকে বলবো, আপনারা তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন।’
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা রাজধানীর অলিগলিতে ঘুরে দেখেছি মানুষের বাসায় গ্যাস নেই, রান্না করতে পারছে না। আবার যে এলপিজির সরকারি দাম এক হাজার ৮৩৭ টাকা, সেটি তিন হাজার ৫০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে।’
এনসিপির এ নেতা আরও জানান, ঢাকা শহরে এখন অটোরিকশা আর ফুটপাত দখলের দৌরাত্ম্য। এই ঢাকা আর আগের ঢাকা নেই। এসব দেখে তারা গণবিক্ষোভের ডাক দিয়েছেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা তার বাস্তবায়ন করবোই। সামনে স্থানীয় সরকার নির্বাচন। আপনারা যারা উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র হতে চান, আপনাদের আমাদের দল এনসিপিতে ওয়েলকাম। আমাদের দলে চাঁদাবাজের কোনো স্থান নেই।’
চার দফা দাবিতে শাহবাগে এই গণবিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এনসিপি। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন দলের আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, ‘গত এক সপ্তাহ ধরে আমাদের নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছেন। মানুষের সঙ্গে কথা বলেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, মানুষের জীবন নাজেহাল। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই। বাংলাদেশের মানুষের নিরাপত্তা নেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল আরও বড় হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করেন, আমাদের মিছিল বড় হবে। আমরা দাবি আদায়ে মিছিল নিয়ে তারেক রহমানকে ঘেরাও করবো।’
এমআই/টিএ