একা ভ্রমণের কারণ জানালেন প্রভা
ছবি: সংগৃহীত
০৯:৩৮ পিএম | ৩০ অক্টোবর, ২০২৬
ছুটির মেজাজে এই মুহূর্তে সমুদ্রের সান্নিধ্যে চমৎকার সময় কাটাচ্ছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সুন্দর একটি অবকাশ যাপনের ফাঁকে সামাজিক মাধ্যমে নিজের ভ্রমণের কিছু মুহূর্ত ও ভিডিও ভক্তদের মাঝে ভাগ করে নিলেন। আর সেখানেই স্পষ্ট জানালেন, কেন একা ঘুরতে পছন্দ তার।
তবে প্রভা কোথায় এই সুন্দর মুহূর্ত উদযাপন করছেন, তা জানিয়েছেন আগেই। মূলত শ্রীলঙ্কার মিরিসা সৈকতে কাটাচ্ছেন অভিনেত্রী। সেখানকার একটি স্থান থেকে প্রভা জানালেন, এটিকে কোকোনাট বিচ অথবা কোকোনাট ট্রি হিল বলা হয়। দারুণ দৃশ্য আর অসাধারণ একটি জায়গা; আবহাওয়াটাও দারুণ।
এরপর অপর একটি ভিডিওতে প্রভা জানান, অনেকেই তাকে প্রায়ই প্রশ্ন করেন যে একা একা ঘুরতে তার বোর লাগে কি না। এর উত্তরে এই অভিনেত্রী নিজের ভ্রমণের পছন্দ ও বন্ধুদের নানা অজুহাতের কথা তুলে ধরেছেন।
প্রভা বলেন, ‘আচ্ছা, মানুষ আমাকে বলে আমার একা একা ঘুরতে কি বোর (বিরক্ত) লাগে না? কেন না বোর লাগবে- যদি জায়গা গুলা হয় এমন। আর আমার বন্ধুদের এক্সারসাইজ পছন্দ হয় না। যেসব প্লেসে যাই, সেগুলোতে এত হাঁটতে হয় যে ওরা আসতেই চাইবে না। এক্সকিউজ দিবে; ফুট মাসাজ করতে হবে, লাঞ্চ টাইমে লাঞ্চ করতে হবে, এত হাঁটতে পারবে না। ব্লা ব্লা ব্লা... এই জন্য আমি ওদেরকে রেখে আসি এন্ড আমি একা একা ঘুরতে পারি।’
এমনকি সমুদ্রের এই সুন্দর ও রোমাঞ্চকর পরিবেশে তার সাঁতার কাটতেও ইচ্ছে করছে বলে প্রকাশ করেছেন অভিনেত্রী।
এসএ/টিএ