মিরপুরে পুলিশ-পোশাক শ্রমিক দফায় দফায় সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
ছবি: সংগৃহীত
০২:২৯ পিএম | ০১ নভেম্বর, ২০২৬
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ ঘিরে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। একপর্যায়ে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ছোড়ে।
রোববার (১ নভেম্বর) দুপুরে মিরপুর-১১ নম্বর এলাকায় এমন চিত্র দেখা যায়।
এদিন সকাল থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধ, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। একপর্যায়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন শ্রমিকরা। পুলিশ তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
এদিকে, পুলিশের গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাদেরও ধাওয়া দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বলেন, খবর পেয়ে পল্লবী স্টেশনের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এমআর/