নাটকের ‘আদর্শ স্বামী’ আবু বকরের বাস্তব জীবনে ভেঙেছিল বাগদানও
ছবি: সংগৃহীত
০৭:৩৩ পিএম | ০১ নভেম্বর, ২০২৬
পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’-এর আবু বকর চরিত্রটি নিয়ে এখন দর্শকদের মধ্যে বেশ আলোচনা চলছে। স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল, ধৈর্যশীল ও কোমল আচরণের কারণে অনেক নারী দর্শকের কাছেই চরিত্রটি হয়ে উঠেছে স্বপ্নের স্বামী। তবে পর্দার এই আদর্শ পুরুষের চরিত্রে অভিনয় করা অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ারের বাস্তব জীবনের গল্প কিছুটা ভিন্ন।
নাটকে আবু বকরের চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার সিদ্দিকী। চরিত্রটির মানবিক গুণাবলি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। কেউ তাকে আদর্শ স্বামী হিসেবে দেখছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন, একজন ভালো স্বামী হওয়ার জন্য শুধু স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করাই যথেষ্ট কি না।

এদিকে শেহেরিয়ারের ব্যক্তিগত জীবনেও রয়েছে সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা। ২০১৯ সালে চিকিৎসক হালা সোমরুর সঙ্গে তার বাগদান হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক বিয়েতে গড়ায়নি। বাগদান ভেঙে যাওয়ার পর এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, এবার কাকে বিয়ে করবেন, সেই সিদ্ধান্ত নিজেই নিতে চান। পরে ২০২৪ সালের ডিসেম্বরে অভিনেত্রী মাহিন সিদ্দিকীকে বিয়ে করেন তিনি।
সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কে হারুন রশিদের সঙ্গে এক সাক্ষাৎকারে আবু বকর চরিত্রটির নানা দিক নিয়ে কথা বলেন শেহেরিয়ার। তার মতে, চরিত্রটি যতটা আদর্শ বলে মনে হয়, তার মধ্যেও বেশ কিছু দুর্বলতা রয়েছে। বিশেষ করে সবাইকে খুশি রাখার চেষ্টা এবং কাউকে ‘না’ বলতে না পারার প্রবণতা তাকে মানসিক চাপে রাখে।
অভিনেতা আরও জানান, আবু বকরের মধ্যে অন্যদের উদ্ধার করার একধরনের প্রবণতা রয়েছে। ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে এমন শিক্ষা পেয়েছে সে, যার কারণে সব সময় অন্যের জন্য ভালো কিছু করার তাগিদ অনুভব করে। ফলে নিজের ইচ্ছা ও বিবেকের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় তার।
আবু বকর ও জারিয়াবের সম্পর্ক নিয়েও চমকপ্রদ তথ্য দিয়েছেন শেহেরিয়ার। তার ব্যাখ্যায়, নাটকে যতটা প্রকাশ পেয়েছে, তারও আগে থেকে জারিয়াবের প্রতি আবু বকরের ভালো লাগা ছিল। এমনকি জারিয়াবের পছন্দের খাবার পাস্তার কথাও সে মনে রেখেছিল। এসব ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমেই চরিত্রটির মনের কথা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন অভিনেতা।
এসএ/টিএ