টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্মদিন আজ
ছবি: সংগৃহীত
০৮:৩০ পিএম | ০৩ নভেম্বর, ২০২৬
আজ টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। ৩ নভেম্বর ৩৬ বছরে পা দিয়েছেন এই অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবনে বাণিজ্যিক সিনেমার নায়িকা থেকে ভিন্নধর্মী চরিত্রের শিল্পী- বিভিন্ন রূপে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। অভিনয় ও জনপ্রিয়তার সুবাদে বাংলা চলচ্চিত্রের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের একজন হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন শুভশ্রী।
২০০৭ সালে প্রভাত রায়ের ‘পিতৃভূমি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এরপর ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’, ‘বস’, ‘নবাব’ ও ‘চালবাজ’-এর মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান শুভশ্রী। একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে টালিউডে শক্ত অবস্থান গড়ে তোলেন তিনি।

পরবর্তী সময়ে অভিনয়ের ধরনেও বৈচিত্র্য এনেছেন এই অভিনেত্রী। ‘পরিণীতা’, ‘বাবলি’, ‘সন্তান’, ‘গৃহপ্রবেশ’ ও ‘ধূমকেতু’র মতো সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। বাণিজ্যিক ধারার সিনেমার পাশাপাশি গল্প ও চরিত্রনির্ভর কাজেও তাঁর আগ্রহ প্রশংসিত হয়েছে।

দীর্ঘ ক্যারিয়ারে শুভশ্রী নিজেকে শুধু জনপ্রিয় নায়িকা হিসেবেই প্রতিষ্ঠিত করেননি, বরং সময়ের সঙ্গে অভিনয়ের পরিসরও বাড়িয়েছেন। বাংলা চলচ্চিত্রের অন্যতম পারিশ্রমিকপ্রাপ্ত ও শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবেও পরিচিত তিনি।
জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন শুভশ্রী। পর্দায় নানা চরিত্রে নিজেকে তুলে ধরে দর্শকের মন জয় করা এই অভিনেত্রীর আগামী দিনের কাজ নিয়েও আগ্রহ রয়েছে অনুরাগীদের।
এসএ/