© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল: রাধিকা আপ্তে

শেয়ার করুন:
নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল: রাধিকা আপ্তে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৩ পিএম | ০৩ নভেম্বর, ২০২৬
দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তেলুগু একটি সিনেমায় নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল তার চরিত্রকে।

শুধু তা-ই নয়, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করাও ছিল তার জন্য অস্বস্তিকর। অভিনেত্রীর এমন মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সাক্ষাৎকারে রাধিকা বলেন, ‘একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলাম। সেখানে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল আমার চরিত্রটিকে।



ছবিটিতে অভিনয় করা আমার কাছে ভীষণ কঠিন ছিল। ওই ছবির কোনো কিছুই আমার ভালো লাগেনি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী কীর্তি সুরেশও। তামিল-তেলুগু সংস্কৃতিতে মামাকে বিয়ে করার রীতি রয়েছে বলে জানান তিনি। এ সময় ছবির আরো কিছু বিষয় নিয়ে আপত্তি প্রকাশ করেন রাধিকা। তার ভাষায়, ‘আমাকে নিজের থেকে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। গোটা বিষয়টির মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতা কাজ করছিল। সেই পরিবেশে কাজ করাই ছিল আমার কাছে সবচেয়ে কঠিন।’

রাধিকা সিনেমাটির নাম প্রকাশ না করলেও নেটিজেনদের ধারণা, তিনি ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘লেজেন্ড’ ছবির কথা বলেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন নন্দমুরি বালাকৃষ্ণ। দুজনের বয়সের ব্যবধানও ছিল চোখে পড়ার মতো।

এ বিষয়ে নন্দমুরি বালকৃষ্ণের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাধিকার বক্তব্য ভালোভাবে নেননি তার ভক্তদের একাংশ। সামাজিক মাধ্যমে শুরু হয়েছে পাল্টাপাল্টি মন্তব্য। এক ভক্ত লিখেছেন, ‘যে ছবিটির কথা বলা হচ্ছে, সেটি ২০১৪ সালের ‘লেজেন্ড’। ছবিতে অভিনয় করেছিলেন নন্দমুরি বালাকৃষ্ণ। তবে চিত্রনাট্য বা নায়কের বয়স নিয়ে সমস্যা থাকলে ছবিটি করার আগেই তা বলা উচিত ছিল।’

তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো জবাব দেননি রাধিকা আপ্তে।

এসএ/

মন্তব্য করুন