বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে শুভশ্রীর জন্মদিনে রাজের আয়োজন
ছবি: সংগৃহীত
০৯:২৫ পিএম | ০৩ নভেম্বর, ২০২৬
জন্মদিনে স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ভালোবাসায় ভরিয়ে দিলেন পরিচালক রাজ চক্রবর্তী। ৩ নভেম্বর ৩৬ বছরে পা দিয়েছেন টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। বিশেষ দিনটি উপলক্ষে শুভশ্রীকে লাল গোলাপের তোড়া উপহার দিয়েছেন রাজ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।
ভিডিওটি প্রকাশ করে রাজ লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার ভালোবাসা।’ স্বামীর এমন ভালোবাসার প্রকাশ নজর কেড়েছে ভক্তদের।
শুভশ্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজনও করেন রাজ। বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন সময় কাটান অভিনেত্রী। জন্মদিনের সাজেও নজর কাড়েন তিনি। চেক প্রিন্টের পোশাক, বড় দুল ও খোলা চুলে শুভশ্রীর উপস্থিতি ছিল বেশ আকর্ষণীয়।
২০১৮ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের সংসারে রয়েছে দুই সন্তান- ইউভান ও ইয়ালিনী। কাজের ব্যস্ততার পাশাপাশি পরিবার নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন এই তারকা দম্পতি।
সম্প্রতি তাঁদের ব্যক্তিগত জীবন ঘিরে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হলেও শুভশ্রীর জন্মদিনে রাজের ভালোবাসার প্রকাশ নতুন করে ভক্তদের নজর কেড়েছে। স্ত্রীর বিশেষ দিনে লাল গোলাপ ও ভালোবাসার বার্তায় রাজ বুঝিয়ে দিয়েছেন, শুভশ্রী তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ।
এসএ/