© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইনি বিপাকে অনুরাগ কাশ্যপ

শেয়ার করুন:
আইনি বিপাকে অনুরাগ কাশ্যপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪২ এএম | ০৪ নভেম্বর, ২০২৬
বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপ। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি মন্তব্যের জেরে আইনি বিপাকে পড়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালতের একাধিক নোটিশের পরও হাজির হননি তিনি। ফলে পরিচালকের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন ভারতের গুজরাটের সুরাটের একটি আদালত।

সুরাটের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট জে ভি চৌহান এ নির্দেশ দেন। অভিযোগকারী পক্ষের আইনজীবী কমলেশ রাওয়াল জানিয়েছেন, আদালতে উপস্থিত হওয়ার জন্য অনুরাগ কশ্যপকে একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল। 

এমনকি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করেও তাকে আদালতে হাজির হওয়ার কথা জানানো হয়। তবে কোনো নোটিশেররই জবাব দেননি পরিচালক। এ অবস্থায় তার বিরুদ্ধে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ২৪ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।



মামলার সূত্রপাত চলতি বছরের মে মাসে। আইনজীবী কমলেশ রাওয়ালের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩৫২ ও ৩৫২(২) ধারায় মামলা করার নির্দেশ দেন আদালত। এসব ধারায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরোধ ও শত্রুতা উসকে দেওয়া, ইচ্ছাকৃতভাবে অপমানের মাধ্যমে শান্তিভঙ্গের পরিস্থিতি তৈরি করা এবং মিথ্যা গুজব ছড়ানোর মতো অভিযোগের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। কমলেশ রাওয়াল কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের আইনি উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিযোগের সূত্র ২০২৫ সালের ১৬ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া তার একটি পোস্ট। সেখানে ব্রাহ্মণ সম্প্রদায় সম্পর্কে পরিচালকের মন্তব্যের বিরোধিতা করেছিলেন আদিত্য নামের এক ব্যক্তি। এর জবাবে অনুরাগ তাকে প্রশ্ন করেন, ব্রাহ্মণ হয়ে তিনি কী অর্জন করেছেন? পরিচালকের এই মন্তব্য ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়। পরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন আইনজীবী কমলেশ রাওয়াল।

এমআর/ 

মন্তব্য করুন