© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে : নাহিদ ইসলাম

শেয়ার করুন:
বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে : নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৫ পিএম | ০৬ নভেম্বর, ২০২৬
বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।                             

শুক্রবার (৬ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ সম্মেলন কক্ষে, দলটির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ক আঞ্চলিক সমন্বয় সভা আরম্ভের পূর্বে, সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বের এক আলোচনায় এ কথা বলেন তিনি।                

নাহিদ ইসলাম বলেন, বিএনপিকে ক্ষমতায় থাকতে হলে বা পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে হলে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে।      

তিনি বলেন, জুলাই সনদে শপথ না নিয়ে বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে। বিএনপি এখন যে সরকারে রয়েছে, তা গায়ের জোরে। গণভোটের গণরায় তারা মানছে না, বরং শক্তি প্রয়োগ করে তা উপেক্ষা করছে।

অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশে এর আগেও অনেকেই গায়ের জোরে ক্ষমতায় ছিল। অনেক সিদ্ধান্ত পাস করিয়েও নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সেগুলো বাস্তবায়ন হয়নি, তারাও ক্ষমতায় থাকতে পারেনি। বিএনপিও বেশিদিন এভাবে ক্ষমতায় থাকতে পারবে না। পাঁচ বছর মেয়াদ পূরণ করতে হলে অবশ্যই গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ তুলে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করা, নিষিদ্ধ করা এবং বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা রয়েছে। বিএনপি আজকে বলুক তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছে। একটা পদক্ষেপের কথা তারা বলুক।

তার অভিযোগ, আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া নিয়ে আপস এবং বিভিন্ন স্থানে মামলা বাণিজ্যের কারণে দলটির পুনর্বাসনের সুযোগ তৈরি হচ্ছে। নির্বাচনের আগেও বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একধরনের সমঝোতার ইঙ্গিত দেখা গেছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের সব ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে দলটি। তবে স্থানীয় সরকার নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এই নেতা। তার অভিযোগ, বিএনপি সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। যাতে যেকোনো মূল্যে জয় ছিনিয়ে নিতে পারে। এ বিষয়ে আমরা সচেতন রয়েছি। নির্বাচন কমিশনে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে।

এনসিপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, এনসিপি একটি স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন। আমাদের নিজস্ব রাজনীতি রয়েছে, সেটি গণতান্ত্রিক রাজনীতি। আমরা সেই রাজনীতির আদর্শ ধারণ করেই বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে থাকছি।

জোট প্রসঙ্গে তিনি বলেন, এটি আদর্শিক জোট নয়, বরং এজেন্ডা ও নির্বাচনভিত্তিক জোট। আগেও বিষয়টি পরিষ্কার করা হয়েছে। জোট জোটের মতো রয়েছে, আর প্রতিটি দল নিজস্ব অবস্থান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

জামায়াতের সঙ্গে জোটসহ একাধিক আপত্তি নিয়ে এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগের প্রশ্নে তিনি বলেন, পদত্যাগকারী যেসব বিষয় তুলে ধরেছেন, সেগুলো পুরোনো। নির্বাচনের আগে ও পরে এসব বিষয়ে একাধিকবার অবস্থান পরিষ্কার করা হয়েছে। তার ব্যক্তিগত কোনো বিষয় কিংবা রাজনৈতিক আদর্শের ভিন্নতা থেকে পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে দলের কোনো ইস্যু নেই, তার প্রতি শুভকামনা।

এমআর/ 

মন্তব্য করুন