© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পশ্চিমবঙ্গউদ্বোধনের কয়েক ঘণ্টা আগেই আগুনে পুড়ে ছাই কালীপূজার সুবিশাল মণ্ডপ

শেয়ার করুন:
উদ্বোধনের কয়েক ঘণ্টা আগেই আগুনে পুড়ে ছাই কালীপূজার সুবিশাল মণ্ডপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১২ এএম | ০৮ নভেম্বর, ২০২৬
উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে আগুনে পুড়ে ছাই কালীপূজার সুবিশাল মণ্ডপ। ঘটনা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার যশোড়াকালি বাজারের। শনিবার (৭ নভেম্বর) দুপুরে আচমকা মন্ডপে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনে পুড়ে যায় গোটা মন্ডপ।

দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গোটা প্যান্ডেল পুড়ে ছাই হয়ে গিয়েছে।প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই ওই মণ্ডপে আগুন লেগে থাকতে পারে।

চলতি বছর ৫৯তম বর্ষে পা রেখেছে যশোড়াকালি বাজারের এই পূজা। মণ্ডপ সাজানো হয়েছিল তালপাতা, পুরুলের জালি, নিম কাঠ এবং কাঠের গুঁড়ো দিয়ে। মণ্ডপ সজ্জায় দাহ্য পদার্থ থাকায় আগুনের শিখা কয়েক সেকেন্ডের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় মণ্ডপটিকে।

আগুন লাগার সময় মণ্ডপের ভিতরে পুজো কমিটির বেশ কয়েকজন কর্মী ও সদস্য উপস্থিত ছিলেন। তবে ধোঁয়া ও আগুন দেখতে পেয়েই তারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। যার জেরেই কোনও প্রাণহানি ঘটেনি।

মণ্ডপ পুড়ে ছাই হয়ে গেলেও ভেঙে পড়েননি উদ্যোক্তারা। পূজা কমিটির এক সদস্য জানিয়েছেন, এত বড় বিপর্যয়ের পরেও পুজো বন্ধ হবে না। ছোট আকারে হলেও নিয়ম মেনে পূজা করার পরিকল্পনা রয়েছে।

এমআই/

মন্তব্য করুন