ঢাকায় আসছেন প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মাহমুদ মাদানি
ছবি: সংগৃহীত
০৩:০১ পিএম | ১১ নভেম্বর, ২০২৬
ভারতের প্রভাবশালী আলেম, আওলাদে রাসুল (সা.) মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানি আট দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলা সফর করবেন তিনি।
এ সময় বেশ কয়েকটি মাদ্রাসা, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানের আয়োজনে বিভিন্ন ইসলামী কর্মসূচি, ইজতেমা ও সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
রবিবার (৮ নভেম্বর) গণমাধ্যমকে তাঁর বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার আফতাবনগর মাদ্রাসার মুহতামিম ও মাওলানা মাহমুদ মাদানির খলিফা মুফতি মোহাম্মদ আলী।
সফরসূচি অনুযায়ী, ১৩ নভেম্বর শুক্রবার নরসিংদীর জামিয়া ইসলামিয়া হানাফিয়া বাঘীবাড়ী মাদ্রাসায় তিন দিনব্যাপী ইসলামী ইজতেমা শুরু হবে। ইজতেমার প্রথম দিন বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা মাহমুদ মাদানি।
পরদিন ১৪ নভেম্বর শনিবার সিলেটের মাদানি খানকাহ এবং ১৫ নভেম্বর রোববার সিলেটের গোলাপবাগে আয়োজিত ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন।
১৬ নভেম্বর সোমবার নরসিংদীর জামিয়া ইসলামিয়া নূরুল উলুম পাড়শাইল মাদ্রাসা সফর করবেন। পরদিন ১৭ নভেম্বর মঙ্গলবার মাদারীপুরের বাহাদুরপুর পীর সাহেবের খানকাহ এবং খুলনার জামিয়া ইসলামিয়া আসাদুল উলুম মাদানিনগর মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
১৮ নভেম্বর বুধবার সকালে ঢাকার দারুল উলুম বনশ্রী মাদ্রাসা সফর শেষে একই দিন সকাল ১১টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত খতমে নবুওয়াত কনফারেন্সে অংশ নেবেন তিনি।
১৯ নভেম্বর বৃহস্পতিবার মুন্সীগঞ্জের ইদারাতুল উলুম আফতাবনগর মাদ্রাসা পরিদর্শন করবেন তিনি। একই দিন ঢাকায় আয়োজিত তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার প্রথম দিন বাদ মাগরিব বয়ান করার কথা রয়েছে তাঁর। সফরের শেষ দিন ২০ নভেম্বর শুক্রবার হবিগঞ্জের উমেদনগর মাদ্রাসায় ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর নির্ধারিত বাংলাদেশ সফর শেষ হবে।
মাওলানা মাহমুদ মাদানির এই সফরকে ঘিরে দেশের বিভিন্ন মাদ্রাসা, খানকাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানের আলেম-উলামা, শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, তাঁর বিভিন্ন কর্মসূচিতে বিপুলসংখ্যক আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেবেন।
কেএন/