গ্রিসে জাল ভ্রমণ নথিসহ ২ বাংলাদেশি আটক
ছবি: সংগৃহীত
০১:১৫ এএম | ১২ নভেম্বর, ২০২৬
গ্রিসের সামোস দ্বীপের মালাগারি বন্দরে জাল ভ্রমণ নথি ব্যবহারের অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে দেশটির বন্দর কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের বয়স ২৪ ও ২৬ বছর। রোববার (৮ নভেম্বর) দুপুরে সামোস বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা তাদেরকে আটক করেন।
বন্দর কর্তৃপক্ষ বলেছে, মালাগারি বন্দরে তল্লাশির সময় ওই দুই বাংলাদেশিকে শনাক্ত করা হয়। এ সময় তাদের কাছে জাল ভ্রমণ নথি পাওয়া যায়।
এসব নথি ব্যবহার করে পিরেয়াসগামী যাত্রীবাহী ফেরিতে ওঠার চেষ্টা করছিলেন তারা বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রিসে অবস্থানের শর্ত লঙ্ঘনের চেষ্টা এবং জাল ভ্রমণ নথি রাখার অভিযোগে মামলা করা হয়েছে। দেশটির প্রচলিত আইনের সংশ্লিষ্ট ধারায় এসব অভিযোগ আনা হয়েছে।
আটক ব্যক্তিদের কাছ থেকে জাল নথিগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক বিচারিক তদন্ত শুরু করেছে সামোস বন্দর কর্তৃপক্ষ।
প্রতিবছর মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও আফ্রিকা থেকে হাজার হাজার মানুষ গ্রিসে প্রবেশ করেন। উন্নত জীবনযাপনের আশায় সেখান থেকে ইউরোপের সমৃদ্ধ অঞ্চলগুলোতে যাওয়ার চেষ্টা করেন তারা।
অভিবাসীদের অধিকাংশই উত্তর আফ্রিকা অথবা তুরস্কের উপকূল থেকে ছোট নৌকায় করে গ্রিসে পৌঁছান। অন্যদিকে, একটি ছোট অংশ তুরস্কের সঙ্গে গ্রিসের উত্তর-পূর্বাঞ্চলীয় স্থলসীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশ করেন।
চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ গ্রিসে পৌঁছেছেন। তাদের অর্ধেকেরও বেশি লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দীর্ঘ সমুদ্রযাত্রার মাধ্যমে গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে পৌঁছেছেন।
২০২২ সালে সই হওয়া বাংলাদেশ-গ্রিস সমঝোতা স্মারকের আওতায় বছরে চার হাজার বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেওয়ার কথা গ্রিসের৷ কিন্তু ভিসা জটিলতা ও নিয়োগসংক্রান্ত জটিলতায় সেই লক্ষ্য পূরণ হচ্ছে না।
এমআর/