© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘এটি ফারহানের গোল, মেসি-নেইমারের নয়’

শেয়ার করুন:
‘এটি ফারহানের গোল, মেসি-নেইমারের নয়’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৩ পিএম | ১২ নভেম্বর, ২০২৬
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্ব শেষ করেছে বাংলাদেশ। শিরোপায় চোখ রাখা স্বাগতিকদের জন্য আর দুটি ম্যাচের চ্যালেঞ্জ। নিজের প্রথম অধিনায়কত্ব করতে নেমেই অবিস্মরণীয় জয় পেলেন হামজা দেওয়ান চৌধুরী। এ ছাড়া কয়েকজনকে কাটিয়ে ফারহান আলী ওয়াহিদের করা গোলটিও বেশ আলোচিত হচ্ছে।

খেলা শেষে আসন্ন সেমিফাইনাল ও লঙ্কান ম্যাচের পারফরম্যান্স নিয়ে গণমাধ্যমের সামনে প্রতিক্রিয়ায় জামাল ভূঁইয়া বলেছেন, ‘ম্যাচটা ভালো ছিল। আমরা ৪ গোল করছি, ক্লিনশিট রাখছি– সবমিলিয়ে সবাই সন্তুষ্ট, সবাই খুশি। এখন মনোযোগ থাকবে পাকিস্তানের সাথে (ম্যাচের দিকে)। আমার মনে হয় শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান তুলনামূলক ভালো দল।’



মেসি-নেইমার কিংবা কারও সঙ্গে তুলনা করার চেয়ে ফারহান আলী নিজেই বড় তারকা হয়ে উঠুক বলেও প্রত্যাশা সাবেক এই অধিনায়কের, ‘আমার মনে হয় এটি জাতীয় স্টেডিয়ামে অন্যতম সেরা গোল। হামজার বাইসাইকেল এবং ফারহানের এই গোল সেরা তিনের মধ্যে থাকবে।’

এরপর মেসি-নেইমারের সঙ্গে তুলনা নিয়ে জামাল বলেন, ‘(ফারহানের গোলকে) মেসি-নেইমার-লামিনে ইয়ামালের মতো বলা হচ্ছে। তবে আমার মনে হয় ফারহানের নিজের প্রোফাইল বড় করতে হবে। অন্য কারও সঙ্গে তুলনা করতে হবে না। বাংলাদেশের অনেকে আছেন, যারা বলেন আমার মেসি–আমার নেইমার। কিন্তু আমার মনে হয় এটি ফারহান আলীর গোল, অন্য কারও নয়।’ 

ইনজুরিতে পড়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদউদ্দিন। এ ছাড়া আরও একাধিক চোটের অস্বস্তি আছে। সেক্ষেত্রে বিশ্রামে থাকা ফুটবলাররা পাকিস্তান ম্যাচে কাজে আসবেন কি না এমন প্রশ্নে জামালের জবাব, ‘দুদিন পর আবার ম্যাচ, পুরো দলকেই আসলে দরকার। সাদউদ্দিন ইনজুরিতে পড়ছেন, সেখানে তার ব্যাকআপ দরকার। হৃদয় সেন্টারব্যাক হিসেবে খেলছেন। আমার মতে আমাদের পুরো স্কোয়াডেরই দরকার আছে। সাদকে সম্ভবত নূন্যতম এক বছর বাইরে থাকতে হবে।’ 

বাংলাদেশকে প্রথমবার অধিনায়কত্ব করতে নেমে মাঠজুড়ে প্রাণোচ্ছ্বল উপস্থিতি ও ফর্ম ছিল হামজার। বড় জয়ের পথে তিনি নিজেও গোল পেয়েছেন। হামজার অধিনায়কত্ব প্রসঙ্গে জামাল বলেন, ‘হামজা এটা (অধিনায়কত্ব) ডিজার্ভ (প্রাপ্য) করে। তিনি ভালো খেলছে। বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। এই মুহূর্তে দলেরও সেরা ফুটবলার তিনি, আমি তার জন্য খুশি।’

এমআর/ 

মন্তব্য করুন