ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইল
ছবি: সংগৃহীত
০১:৫৯ পিএম | ১২ নভেম্বর, ২০২৬
ইসরাইলের দক্ষিণাঞ্চলের ইলাত এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে এ ভূমিকম্পের পর সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় রামন বিমানবন্দর। খবর টাইমস অব ইসরাইলের
ইসরাইলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (জিওলজিক্যাল সার্ভে অব ইসরাইল) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়। এটি ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে রামন বিমানবন্দরে সামান্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের কম্পনে বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙে গেছে।
ভূমিকম্পের পর ইলাত ও আশপাশের আরাভা অঞ্চলের শহরগুলোতে বাসিন্দাদের বিভিন্ন স্থাপনা থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেয় ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড।
এদিকে কম্পনের পরপরই রামন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের অবকাঠামো পরীক্ষা ও পরিদর্শনের প্রয়োজনীয়তার কথা জানানো হয়।
পরে এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা-নিরীক্ষা ও অবকাঠামো পরিদর্শন শেষ হয়েছে। এরপর রামন বিমানবন্দরে আবারও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়েছে।
এমআর/