© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তাইওয়ানের সঙ্গে পুনরেকত্রীকরণ চীনের অবিচল লক্ষ্য: শি জিন পিং

শেয়ার করুন:
তাইওয়ানের সঙ্গে পুনরেকত্রীকরণ চীনের অবিচল লক্ষ্য: শি জিন পিং

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৮ পিএম | ১২ নভেম্বর, ২০২৬
ইতিহাসের স্রোত থামানো যায় না জানিয়ে চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ অবশ্যই ঘটবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং। কোনো ধরনের বলপ্রয়োগের কথা উল্লেখ না করে চীন-তাইওয়ানের শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণের আহ্বান জানিয়েছেন তিনি। যদিও চীনের প্রেসিডেন্টের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে তাইপে।

তাইপের জোরালো আপত্তি সত্ত্বেও গণতান্ত্রিক তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে চীন। বেইজিং বারবার স্বায়ত্তশাসনের আওতায় তাইওয়ানকে ‌‘এক দেশ, দুই নীতি’ মডেলের প্রস্তাব দিয়ে আসছে। তবে তাইওয়ানের কোনো রাজনৈতিক দলই বেইজিংয়ের এই প্রস্তাবে সমর্থন করে না।

বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেওয়া এক ভাষণে শি জিনপিং বলেন, তাইওয়ান সমস্যার সমাধান করা চীনের কমিউনিস্ট পার্টির এক অবিচল ঐতিহাসিক লক্ষ্য।

‘‘ইতিহাসের স্রোত থামানো যায় না। মাতৃভূমির পূর্ণ পুনরেকত্রীকরণ অবশ্যই করতে হবে এবং তা নিশ্চিতভাবেই হবে।’’

তাইওয়ানের সরকার শি জিনপিংয়ের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল বলেছে, তাইওয়ানের সরকার বা জনগণ কেউই ‘‘এক দেশ, দুই নীতি’’ মেনে নেবে না। কারণ এর শেষ পরিণতি হলো কমিউনিস্ট পার্টির একনায়কতান্ত্রিক শাসনের কাছে মাথা নত করা।

কাউন্সিলের মুখপাত্র লিয়াং ওয়েন-চিয়েহ সাংবাদিকদের বলেন, তাইওয়ানকে একত্রীকরণের বিষয়ে তিনি যেসব শব্দ ব্যবহার করেছেন, তাতে আগের চেয়ে খুব একটা নতুনত্ব নেই।

বিপ্লবী নায়ক সান ইয়াত-সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে শি জিনপিং চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণের বিষয়ে এসব কথা বলেছেন। ১৯১১ সালের যে বিপ্লব শতাব্দীপ্রাচীন সম্রাটদের শাসনের অবসান ঘটিয়ে গণপ্রজাতন্ত্রী চীনের যাত্রা শুরু করেছিল, তাতে নেতৃত্ব দিয়েছিলেন সান ইয়াত-সেন।

শি বলেন, চীন শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ এবং এক দেশ, দুই নীতি আদর্শে অটল রয়েছে। বেইজিংয়ের এক চীন নীতি অর্থাৎ তাইওয়ান প্রণালীর দুই তীরই যে একটি দেশ; এই অবস্থান মেনে নিলে তারা তাইওয়ানের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে।

‘‘তাইওয়ানে বসবাসরত চীনাসহ সব চীনাদের উচিত হাতে হাত রেখে তাইওয়ানের স্বাধীনতাকামী ‘বিচ্ছিন্নতাবাদী’ শক্তিগুলোর বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়ানো এবং দুই তীরের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নের জন্য কাজ করা।’’

তাইওয়ান দখলে চীন কখনোই বলপ্রয়োগের পথ বাদ দেয়নি। প্রেসিডেন্ট শি জিনপিং বক্তব্যে এ বিষয়ে কিছু না বললেও চীনের সামরিক বাহিনী প্রতিদিনই দ্বীপটির চারপাশে তৎপরতা চালাচ্ছে এবং প্রশান্ত মহাসাগরে নিজেদের অবস্থান আরও বাড়াচ্ছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার থেকে চীনা যুদ্ধজাহাজের সঙ্গে মিলে তাইওয়ানের চারপাশে যৌথ যুদ্ধ প্রস্তুতিমূলক টহলের সময় জে-১৬ যুদ্ধবিমান ও ড্রোনসহ ২৯টি চীনা সামরিক বিমান শনাক্ত করা হয়েছে।

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তি শহর শেনজেনে অনুষ্ঠেয় এপেক শীর্ষ সম্মেলনের এক সপ্তাহ আগে শি জিনপিং ওই ভাষণ দিলেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া তাইওয়ানের গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচনের মাত্র দুই সপ্তাহের কিছু বেশি সময় আগে এই বক্তব্য এল।

গত মাসে নাগরিকদের সান ইয়াত-সেনের জন্মবার্ষিকী উপলক্ষে চীনের যেকোনো অনুষ্ঠান থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিল তাইওয়ান। তাইপে বলেছে, চীন সান এবং তার আদর্শকে বিকৃতভাবে উপস্থাপন করছে।

বেইজিং সানকে একজন মহান জাতীয় বীর ও দেশপ্রেমিক হিসেবে দেখে। পাশাপাশি তাকে ১৯৪৯ সালের কমিউনিস্ট বিপ্লবের পথপ্রদর্শক হিসেবেও গণ্য করে; যে বিপ্লবের মুখে পরাজিত গণপ্রজাতন্ত্রী চীনের সরকার তাইওয়ানে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং সেখানেই আজও টিকে আছে।

শি বলেন, সান ছিলেন একজন মহান জাতীয় বীর, একজন মহান দেশপ্রেমিক এবং চীনের গণতান্ত্রিক বিপ্লবের একজন মহান অগ্রদূত। সান ইয়াত-সেন সবসময় দেশের ঐক্য ও জাতির সংহতি বজায় রেখেছিলেন এবং দেশ বা জাতিকে ভাগ করে এমন সব কথা ও কাজের কঠোর বিরোধিতা করেছিলেন।

তাইওয়ানে সানকে রাষ্ট্রীয়ভাবে ‘জাতির পিতা’ হিসেবে সম্মান দেওয়া হয় এবং প্রেসিডেন্টের কার্যালয়ে তার ছবি টাঙানো থাকে। তবে তার রাজনৈতিক দর্শন জনগণের তিনটি নীতি এখন আর স্কুলশিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক পাঠ্য নয়।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে এবং তার ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি চীনের চেয়ে তাইওয়ানের আলাদা পরিচয়কে বড় করে দেখলেও রিপাবলিক অব চায়নার ঐতিহাসিক ভূমিকার প্রশ্নে তারা বেইজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের কৃতিত্ব বেইজিং দাবি করায় তাইওয়ান বিশেষভাবে ক্ষুব্ধ। তারা বলছে, মিত্রবাহিনীর সঙ্গে মিলে রিপাবলিক অব চায়না সরকারই যুদ্ধ করেছিল। কারণ সে সময় পিপলস রিপাবলিক অব চায়নার কোনো জন্মই হয়নি।

চীন লাইকে একজন বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে এবং তার সঙ্গে কথা বলতে রাজি নয়। অন্যদিকে লাই বলেছেন, কেবল তাইওয়ানের জনগণই তাদের নিজেদের ভবিষ্যৎ ঠিক করতে পারে।

সূত্র: রয়টার্স

এমআর/ 

মন্তব্য করুন