প্রতি সিনেমায় ১৫ লাখ টাকা নেন তমা মির্জা!
ছবি: সংগৃহীত
০৪:১৩ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬
দেড় দশকের বেশি সময় আগে শাকিব খানের বিপরীতে ‘বলো না তুমি আমার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন তমা মির্জা। প্রথম সিনেমায় তিন লাখ টাকা পারিশ্রমিক নেওয়া এই অভিনেত্রী বর্তমানে সিনেমা প্রতি ১৫ লাখ টাকার মতো পারিশ্রমিক নিচ্ছেন। অভিনয়দক্ষতা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় এবং ওটিটির কাজের মাধ্যমে দেড় দশকে নিজের পারিশ্রমিক পাঁচ গুণ বাড়িয়েছেন তিনি।
ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তমা মির্জার, আর সেই অভিজ্ঞতা থেকেই বিনোদন অঙ্গনে তার পথচলা শুরু। ২০১০ সালে এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। তবে প্রথম দিকের সিনেমাগুলো প্রত্যাশিত সাফল্য পায়নি। এ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বড় প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ দিয়ে ক্যারিয়ার শুরু না হওয়ায় সংগ্রাম করেই তাকে এই অবস্থানে আসতে হয়েছে।

শুরুর দিকে নায়িকা হওয়ার স্বপ্ন দেখলেও অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ সিনেমায় অভিনয়ের পর তার ভাবনায় পরিবর্তন আসে। ২০২১ সালের এক সাক্ষাৎকারে তমা জানান, ওই সিনেমার পরই তিনি বুঝতে পারেন চলচ্চিত্রে টিকে থাকতে হলে বেছে বেছে ভালো কাজ করতে হবে। অভিনেত্রী হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে পরিচালক কাজী হায়াৎ ও সোহানুর রহমান সোহানের অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
তমা মির্জার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’। ২০১৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এরপর ‘গ্রাস’, ‘অহংকার’ ও ‘গহীনের গান’-এর মতো সিনেমায় অভিনয় করেন তমা।
বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন এই অভিনেত্রী। ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে পাখি চরিত্রে গ্ল্যামারহীন উপস্থিতি ও অসহায়ত্ব ফুটিয়ে তুলতে শুটিংয়ে কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। পরবর্তীতে ‘ফ্রাইডে’, ‘বুকের মধ্যে আগুন’ ও ‘আমলনামা’র মতো কাজেও প্রশংসা কুড়ান তিনি।
২০২৩ সালে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে ময়না চরিত্রে অভিনয় তমার ক্যারিয়ারে বড় বাঁক নিয়ে আসে। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সিনেমাটিতে তার অভিনয় দারুণ প্রশংসিত হয়। এরপর ‘দাগি’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
২০২৬ সালের আগস্টে তমা মির্জা অভিনয়ের পাশাপাশি একটি বেসরকারি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে নতুন পেশাগত দায়িত্ব নেওয়ার খবর জানান। অভিনয় নিয়মিত চালিয়ে যাওয়ার কথাও স্পষ্ট করেছেন তমা মির্জা। বর্তমানে সিনেমা প্রতি ১৫ লাখ টাকার মতো পারিশ্রমিক নিলেও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে তা অনেক সময় কমবেশি হয়।
এসএ/