পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্যে সমালোচনার মুখে সুপারস্টার শাকিব
ছবি: সংগৃহীত
০৪:২৬ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬
পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণে আগ্রহী ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। এমনকি পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
তবে এই আগ্রহের কথা জানাতে গিয়ে পাকিস্তানের সিনেমা হলের সংখ্যা নিয়ে এমন এক তথ্য দিয়েছেন, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। শাকিবের দাবি, দেশটিতে বর্তমানে ১২০০টিরও বেশি সচল সিনেমা হল রয়েছে। কিন্তু প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের সঙ্গে তার দেওয়া এই তথ্যের মিল পাওয়া যাচ্ছে না।
সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে পাকিস্তানের চলচ্চিত্রশিল্প নিয়ে নিজের আগ্রহের কথা তুলে ধরেন শাকিব।

তিনি জানান, দেশটির সিনেমার বাজার সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পেরেছেন, সেখানে ১২০০টিরও বেশি সচল সিনেমা হল রয়েছে। এর মধ্যে অনেকগুলোই মাল্টিপ্লেক্স। কোনো সিনেমা ব্যবসাসফল হলে পাকিস্তানে ২০০ থেকে ৩০০ কোটি রুপি পর্যন্ত আয় করতে পারে বলেও জেনেছেন তিনি। মূলত বিশাল এই বাজারের সম্ভাবনা বিবেচনা করেই পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণে আগ্রহী হয়েছেন এই অভিনেতা।
তবে পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সাম্প্রতিক পরিসংখ্যান শাকিবের দাবির সঙ্গে সাংঘর্ষিক। দেশটির সংবাদমাধ্যম ডন ২০২৪ সালের এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছিল, পাকিস্তানে আনুমানিক ৬০টি সিনেমা হল ও ১৫০টি পর্দা রয়েছে। অন্যদিকে, ২০২৫ সালের মার্চে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর থেকে দেশটিতে প্রায় ৪০ শতাংশ সিনেমার পর্দা বন্ধ হয়ে গেছে। সে সময় সচল পর্দার সংখ্যা নেমে আসে ১১৫টিতে।
অর্থাৎ পাকিস্তানে বর্তমানে ১২০০টির বেশি সচল সিনেমা হল থাকার দাবির পক্ষে সাম্প্রতিক কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না। অবশ্য সিনেমা হল, মাল্টিপ্লেক্স এবং পৃথক প্রদর্শনী পর্দার হিসাব এক নয়। ফলে এসব পরিসংখ্যানের মধ্যে পার্থক্য থাকলেও শাকিবের উল্লেখ করা সংখ্যার সঙ্গে প্রকাশিত তথ্যের ব্যবধান বেশ বড়।
তবে পাকিস্তানে একসময় ১২০০টির বেশি সিনেমা হল থাকার তথ্য পাওয়া যায়। ২০২১ সালে প্রকাশিত ‘পাকিস্তান : হিয়ার অ্যান্ড নাউ’ বইয়ের একটি প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, ১৯৮০ সালের দিকে দেশটিতে ১২০০টিরও বেশি সিনেমা হল ছিল। পরবর্তী কয়েক দশকে নানা কারণে কমতে থাকে হলের সংখ্যা। ফলে অতীতের কোনো পরিসংখ্যানের সঙ্গে বর্তমান পরিস্থিতি গুলিয়ে ফেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও শাকিব ঠিক কোন সূত্র থেকে এই তথ্য পেয়েছেন, তা স্পষ্ট নয়।
এদিকে শাকিবের বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, আন্তর্জাতিক বাজারে কাজ করার পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট দেশের চলচ্চিত্রশিল্প সম্পর্কে সঠিক তথ্য জানা জরুরি নয় কি? বিশেষ করে সিনেমা হলের সংখ্যা নিয়ে এত বড় ব্যবধানের তথ্য কীভাবে তার কাছে পৌঁছাল, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।
অবশ্য পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণের আগ্রহকে ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকে। দুই দেশের শিল্পীদের একসঙ্গে কাজের সুযোগ তৈরি হলে চলচ্চিত্রের নতুন বাজার উন্মুক্ত হওয়ার পাশাপাশি দুই দেশের দর্শকের কাছেও পৌঁছানো সম্ভব হতে পারে। তবে সেই সম্ভাবনার কথা বলতে গিয়ে সিনেমা হলের সংখ্যা নিয়ে শাকিবের দেওয়া তথ্যই এখন আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে।
বলা দরকার, হিমেল আশরাফ পরিচালিত ‘মহব্বত’ সিনেমায় দেখা যাবে শাকিব খানকে। সিনেমাটিতে নায়কের বিপরীতে পাকিস্তানের কিনজা হাশমীর অভিনয়ের কথা রয়েছে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৭ সালের ঈদে। এর আগে চলতি সপ্তাহেই মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘নিঃস্ব’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন শাকিব। এতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। এই সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ঈদুল ফিতরে।
এসএ/