© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

শেয়ার করুন:
এবার এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০২ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগ আনা হয়েছে মামলায়।

শনিবার (১৪ নভেম্বর) মামলাটি করেন দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা বৃদ্ধ ইদ্রিস আলী। মামলায় নুসরাতের বাবাকে একমাত্র আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া ৪ কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। পরে ওই জমি জবরদখলের পরিকল্পনা করেন আবদুল হালিম — এমন অভিযোগ করা হয়েছে এজাহারে। এর জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তাঁর সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান বলে এজাহারে বলা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করেন। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ছাড়া ঘর থেকে ৩টি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়া হয় বলে এজাহারে বলা হয়েছে।

ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন আবদুল হালিম — এমন অভিযোগ করেছেন ইদ্রিস আলী। ওই মামলায় তাঁকে জেল খাটতে হয়। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে জমিটি দখল করে নিয়েছেন আবদুল হালিম। বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ায় ইদ্রিস আলী সপরিবার এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহারে আরও বলা হয়, ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তাঁর পরিবারের সদস্যদের মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পেরেছেন। এ কারণে আতঙ্কিত হয়ে তিনি থানায় এজাহার দিয়েছেন। ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এত দিন মামলা করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেন তিনি।

মামলার বাদী ইদ্রিস আলী জানান, তিনি আবদুল হালিমের ভাইদের কাছ থেকে জমি কিনেছিলেন। কেনা জমিটি হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী তদন্ত করবেন।

তবে আবদুল হালিম বলেন, মামলার বিষয়টি তাঁর জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না। এলাকায় তাঁর অনেক মানুষের সঙ্গে বিরোধ আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ইদ্রিস পলাতক বলেও তিনি জানান। তিনি আরও বলেন, ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটি বিষয় ছিল। হয়তো কারও প্ররোচনায় এখন এসে মামলা করেছেন ইদ্রিস আলী।

গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে নুসরাতের পুরনো পৈতৃক বাড়িতে আগুন লাগে। বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে নুসরাতসহ এনসিপি নেতারা অভিযোগ করেছেন। এ ঘটনায় নুসরাত নিজে বাদী হয়ে নিষিদ্ধ সংগঠন যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক লীগের জেলা ও উপজেলা পর্যায়ের ৮ শীর্ষ নেতার নাম উল্লেখ করে ২৫-৩০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ১৩ নভেম্বর রাতে দৌলতপুর থানায় মামলা করেন।

আরআই/

মন্তব্য করুন