আমার সব অস্থিরতার মাঝে ভিকিই একমাত্র শান্তির আশ্রয়: ক্যাটরিনা কাইফ
ছবি: সংগৃহীত
০৮:২১ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬
বিয়ে ও মাতৃত্ব- জীবনের দুই নতুন অধ্যায় বেশ উপভোগ করছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি নিজের প্রসাধনী সংস্থা ‘কে বিউটি’র কাজেও সমান মনোযোগ দিচ্ছেন তিনি।
২০১৯ সালে ভারতে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের বাজারেও বিস্তৃত হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যবসা, অভিনয় ও মাতৃত্বের দায়িত্ব একসঙ্গে সামলানোর অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে জীবনের ব্যস্ততা ও অস্থিরতার মধ্যে স্বামী ভিকি কৌশলকেই নিজের সবচেয়ে বড় প্রশান্তির জায়গা বলে উল্লেখ করেছেন তিনি।
সম্প্রতি সিএনবিসি-টিভি১৮-এর ‘ইয়ং টার্কস রিলোডেড’ অনুষ্ঠানে নায়কা-র অদ্বৈত নায়ারের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন ক্যাটরিনা। মা হওয়ার পরও কীভাবে ব্যবসার পেছনে সময় দিচ্ছেন, সে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ব্র্যান্ডটিকে আজ এই জায়গায় নিয়ে আসতে গেলে ঘড়ির কাঁটা ধরে কাজ করলে চলে না।
যদিও বাড়িতে একজন আছেন, যিনি ঠিকই ঘণ্টা গুনছেন- তিনি আমার স্বামী! সারাক্ষণ বলেন, ‘এবার ফোনটা রাখো!’ আসলে কাজটা যখন নেশার মতো হয়ে যায়, তখন আর সময়ের খেয়াল থাকে না। আমরা দু’জনেই সদ্য মা-বাবা হয়েছি, তা সত্ত্বেও শনিবার বা রবিবার ছুটির দিনেও আমাদের কাজের কথা চলতেই থাকে।’ অভিনেত্রী, ব্যবসায়ী, স্ত্রী ও মা- একসঙ্গে একাধিক দায়িত্ব পালন করা যে সহজ নয়, তা স্বীকার করেছেন ক্যাটরিনা।
সবকিছু সামলাতে গিয়ে নিজের জন্য সময় রাখার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তিনি। অভিনেত্রীর ভাষ্যে, ‘সব কিছু একসঙ্গে সামলানোর জন্য আমি নিজেকে কিছুটা সময় আর পরিসর দিতে চাই। সব সময় যে নিখুঁত হতে হবে, এমন কোনো কথা নেই। দিনের শেষে এমন মুহূর্ত আসে যখন প্রচণ্ড ক্লান্ত আর মানসিক চাপে বিধ্বস্ত লাগে। কিন্তু বলতেই হবে, আমার স্বামী ভীষণভাবে পাশে থাকেন।
আমার যাবতীয় অস্থিরতার মাঝে ওই একমাত্র শান্তির আশ্রয়।’ভিকি ও ক্যাটরিনার প্রেমের গল্পও বেশ সিনেম্যাটিক। ২০১৮ সালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এসে ক্যাটরিনা জানিয়েছিলেন, পর্দায় ভিকির সঙ্গে তার জুটি ভালো মানাবে। এ কথা শুনে অনুষ্ঠানের মঞ্চেই অজ্ঞান হওয়ার ভান করেছিলেন ভিকি। পরে ২০১৯ সালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও করণ জোহরের পার্টিতে প্রথম দেখা হয় তাদের। লকডাউনের সময় দুজনের ঘনিষ্ঠতা আরও বাড়ে।
অবশেষে ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। ২০২৫ সালের নভেম্বরে তাদের ঘরে আসে প্রথম সন্তান বিহান কৌশল।
কাজের ক্ষেত্রে ক্যাটরিনাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। অন্যদিকে, গত বছর ‘ছাবা’ ছবিতে অভিনয় করে আলোচনায় ছিলেন ভিকি। সামনে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং ‘মহাবতার’-এর মতো বড় বাজেটের সিনেমায় দেখা যাবে তাকে।
এসএ/