© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী৫০৩ উপজেলায় হচ্ছে ১৫১ শয্যার হাসপাতাল; নিয়োগ পাচ্ছেন প্রায় ৮ হাজার চিকিৎসক-নার্স

শেয়ার করুন:
৫০৩ উপজেলায় হচ্ছে ১৫১ শয্যার হাসপাতাল; নিয়োগ পাচ্ছেন প্রায় ৮ হাজার চিকিৎসক-নার্স

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৬ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত বলেছেন, দেশের প্রান্তিক ও হাওরাঞ্চলসহ সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়ন ও জনবল সংকট নিরসনে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবে দেশের ৫০৩টি উপজেলায় নতুন করে ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি চিকিৎসক ও নার্স সংকট কাটাতে প্রায় চার হাজার সহকারী সার্জন এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী ডঃ এম এ মুহিত বলেন, সবার জন্য স্বাস্থ্যনীতির আলোকে বর্তমান সরকার একটি দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। অতীতে স্বাস্থ্য খাতে যে অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে, তা কাটিয়ে উঠতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে একদিকে যেমন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অবকাঠামো তৈরি করা হচ্ছে, তেমনি জনবল তৈরির সমন্বিত উদ্যোগও নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের ৫০৩টি উপজেলার প্রতিটিতে ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে ড. এম এ মুহিত বলেন, ‘বাংলাদেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নতিকরণ, নবরূপায়ন ও মেরামত-সংস্কার’ শীর্ষক একটি মেগা প্রকল্পের ডিপিপি বর্তমানে অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। ওই ডিপিপি অনুমোদিত হলেই সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় নতুন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া দুর্গম এলাকায় চিকিৎসকরা যেন নিরাপদ পরিবেশে থাকতে পারেন এবং বদলি হয়ে চলে যাওয়ার প্রবণতা কমে, সেজন্য নতুন হাসপাতালগুলোর নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থাও রাখা হচ্ছে।

স্বাস্থ্য খাতের জনবল সংকট নিরসনে সরকারের নেওয়া পদক্ষেপগুলোর বিস্তারিত তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, চিকিৎসকের শূন্য পদ পূরণে ৪৬তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে। একইভাবে নার্স সংকট কাটাতে সিনিয়র স্টাফ নার্সের ৮২৮টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য গত ২৮ সেপ্টেম্বর পিএসসিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আরও ১ হাজার ৫৬৬টি পদে নিয়োগের জন্য পিএসসিতে প্রস্তাব পাঠানো হয়েছে এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে আরও ১ হাজার ৭৭৫টি পদের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।

মিডওয়াইফ নিয়োগের অগ্রগতি সম্পর্কে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সংসদকে জানান, সুপারিশপ্রাপ্ত ৫৫৮ জন মিডওয়াইফের পুলিশ ভেরিফিকেশন চলছে। পাশাপাশি নতুন করে আরও ৩৪২ জন এবং ৯১৪ জন মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ১৬ থেকে ২০তম গ্রেডের শূন্য পদগুলো আউটসোর্সিংয়ের মাধ্যমে পূরণ করা হচ্ছে।

সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তার নির্বাচনী এলাকা ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জের ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা এবং তীব্র চিকিৎসক সংকটের চিত্র তুলে ধরেন। তিনি জানান, মধ্যনগরে কোনো হাসপাতাল নেই এবং বাকি উপজেলাগুলোতে অনুমোদিত পদের বিপরীতে চিকিৎসক নেই বললেই চলে। রাস্তাঘাট না থাকায় মুমূর্ষু রোগী ও প্রসূতি মায়েদের মোটরসাইকেল বা ঠেলাগাড়িতে করে হাসপাতালে আনতে হয়। হাওরাঞ্চলের এই আট লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি বিশেষ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান।

জবাবে প্রতিমন্ত্রী এম এ মুহিত সংসদ সদস্যের বক্তব্যের সাথে সহমত প্রকাশ করে বলেন, দুর্গম এলাকার চিকিৎসকদের নিরাপত্তা ও মানসম্মত জীবনযাপনের ব্যবস্থা করতে সরকার দায়বদ্ধ। আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কেএন/

মন্তব্য করুন