ভাসানীর আদর্শ ধারণ না করে রাজনীতিকরা ক্ষমতার পেছনে ছোটেন: রাশেদ প্রধান
ছবি: সংগৃহীত
০২:৩৭ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শকে ধারণ করে আধিপত্যবাদ রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিবিদরা মওলানা ভাসানীকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন, কিন্তু তার আদর্শকে কখনোই ধারণ করতে পারেননি। স্লোগান হয় ‘ক্ষমতা না জনতা? জনতা জনতা’। অথচ ভাসানীর সেই জনতাকে ধারণ না করে এখনকার রাজনীতিকরা ক্ষমতার পেছনে অন্ধের মতো ছোটেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মওলানা ভাসানীর ৫০তম ওফাত দিবস উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন।
মওলানা ভাসানীকে স্বাধীন বাংলার প্রকৃত স্বপ্নদ্রষ্টা আখ্যা দিয়ে জাগপা মুখপাত্র বলেন, ‘দূরদর্শী ভাসানী দুই পাকিস্তানের বৈষম্য মেনে নিতে না পেরে সর্বপ্রথম গর্জে উঠেছিলেন। তিনিই প্রথম স্বাধীনতার কথা বলেছিলেন এবং এ দেশের মানুষের মনে মুক্তির স্বপ্নের বীজ বপন করেছিলেন। আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে, শেখ মুজিবের মতো নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি পাকিস্তানে আশ্রয় নেননি বা পাকিস্তানিদের কাছে ধরা দেননি। তাই মুজিব নন, বরং মওলানা আব্দুল হামিদ খান ভাসানীই স্বাধীন বাংলার প্রকৃত স্বপ্নদ্রষ্টা।’
ভাসানীর ওফাত দিবস পালনে অবহেলার অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের নয়া চেতনা বিক্রেতা বর্তমান বিএনপি সরকার মওলানা ভাসানীর ৫০তম ওফাত দিবস রাষ্ট্রীয়ভাবে যে ব্যাপক আয়োজনে পালন করার কথা ছিল, তা করেনি। এটি অত্যন্ত দুঃখজনক।’
মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদনকালে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এফআর/