কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকা মূল্যের শিবলিঙ্গ
ছবি: সংগৃহীত
০৭:৫৮ এএম | ১৮ নভেম্বর, ২০২৬
মেহেরপুরের গাংনীতে জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমানের বাড়ি থেকে ৯৪ কেজি ওজনের একটি শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ টাকা বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গাংনী উপজেলার হিন্দা গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সদস্যরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়েজুর রহমানের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের একটি দল হিন্দা গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে ৯৪ কেজি ওজনের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ টাকা।
এ বিষয়ে জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমান বলেন, ভারতীয়রা যখন আমাদের এলাকায় বসবাস করতেন, তখন এখানে একটি মন্দির ছিল। তারা ভারতে চলে যাওয়ার পর ওই মন্দিরে শিবলিঙ্গটি পড়ে ছিল। সেখান থেকে আমি এটি নিয়ে এসে দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে রেখেছিলাম। আজ বিজিবির সদস্যরা এসে সেটি নিয়ে গেছেন।
অভিযান সম্পর্কে তেঁতুলবাড়িয়া বিওপির নায়েক সুবেদার মো. সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্প ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়েজুর রহমানের সহযোগিতায় অভিযান পরিচালনা করে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা শিবলিঙ্গটি কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
অভিযানকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর সহকারী পরিচালক নুরুল হুদাসহ বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আরআই/